নাটোরেও রুহুল কুদ্দুসের জামিন আবেদন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপিল বিভাগ জামিন বাতিল করার পর নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালত গতকাল মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন। শহর যুবলীগের এক নেতার হত্যা মামলায় তিনি আট মাস ধরে জেলহাজতে আটক রয়েছেন।আদালত সূত্রে জানা যায়, গতকাল দুপুরে রুহুল কুদ্দুসকে আদালতে হাজির করা হলে তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন। কিন্তু রাষ্ট্রপক্ষ এই আবেদনের বিরোধিতা করে। শুনানি শেষে নাটোর মুখ্য বিচারিক হাকিমের আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা জামিন আবেদন নামঞ্জুর করেন। এই আদেশের পর রুহুল কুদ্দুস তাঁর আইনজীবীদের সঙ্গে পরামর্শের জন্য আদালতের কাছে এক ঘণ্টা সময় চান। আদালত আধা ঘণ্টা সময় মঞ্জুর করেন। আগামী ১৯ আগস্ট মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।রুহুল কুদ্দুসের আইনজীবী সাখাওয়াত হোসেন জানান, গত ৮ ডিসেম্বর থেকে তিনি এই মামলায় হাজতে আছেন। এরপর ১৬ জুন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন। কিন্তু সরকারপক্ষ ওই আদেশ বাতিল চেয়ে আপিল বিভাগে রিভিশন করে। গত সোমবার শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের দেওয়া আদেশ বাতিল করেন।