নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান হত্যার ঘটনায় পুলিশের কোনো অবহেলা থাকলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এতে সরকারি দলের কেউ জড়িত থাকলেও ছাড় পাবেন না। এ ঘটনায় দায়ের করা মামলারই শুধু তদন্ত হচ্ছে না, পুলিশের গাফিলতি ও সার্বিক বিষয়ে তদন্ত হচ্ছে।গতকাল রোববার পুলিশ সদর দপ্তরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তা নিয়ে এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার এ কথা বলেন। পুলিশ সদর দপ্তরের ওই বৈঠকে পুলিশের সব রেঞ্জের উপমহাপরিদর্শক, মহানগরগুলোর কমিশনার, পুলিশ ও র্যাবের গোয়েন্দা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আইজিপি বলেন, দেশে আইনশৃঙ্খলা-পরিস্থিতি খুবই ভালো। মানুষ নিরাপদ বোধ করছে। বিচলিত হওয়ার মতো কোনো আশঙ্কা নেই। তিনি বলেন, এবার দুর্গাপূজায় চার হাজার অতিরিক্ত মণ্ডপ হচ্ছে। হিন্দুধর্মাবলম্বীরা সারা দেশে যাতে নির্বিঘ্নে পূজা করতে পারে, তাই ৩৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, সারা দেশে ২৬ হাজার মণ্ডপে পূজা হবে। আর সেগুলোর নিরাপত্তা দেবে পুলিশ। এবার তিন ভাগে পূজার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। বৈঠকের সূত্র জানায়, এবার ২৬ হাজার মণ্ডপের মধ্যে প্রায় সাড়ে ছয় হাজার ‘অধিক গুরুত্বপূর্ণ’ বলে চিহ্নিত করা হয়েছে। এগুলোতে নিরাপত্তা জোরদার থাকবে। রাজধানীতে পূজামণ্ডপের সংখ্যা প্রায় ২০০। এর মধ্যে ৭০টি ‘অধিক গুরুত্বপূর্ণ’ বলে পুলিশের বৈঠকে উল্লেখ করা হয়। দেশের সব থানায় দুজন করে পরিদর্শক মোতায়েন নিয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, কোনো পরিবর্তন করতে চাইলে প্রাথমিক পর্যায়ে কিছু দ্বিধা থাকে। যা হচ্ছে, সেটা যুগের প্রয়োজনে। এতে আইনি কোনো বাধা নেই।