নাটোরের নিখোঁজ ছাত্রলীগ নেতাকে অচেতন অবস্থায় ঢাকা থেকে উদ্ধার

নিখোঁজের ছয় দিন পর নাটোরের ছাত্রলীগ নেতা টিপু সুলতানকে রাজধানী ঢাকার মুগদাপাড়া থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত নয়টার দিকে মুগদাপাড়া মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের রাস্তা থেকে এক পথচারী তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে পুলিশ হাসপাতালে গিয়ে তাঁর পরিচয় বিষয়ে নিশ্চিত হন।
টিপু সুলতান (২০) নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
মুগদাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, গতকাল রাত সাড়ে নয়টার দিকে রবিন হোসেন নামের এক পথচারী এক তরুণকে মুগদাপাড়া মেডিকেল কলেজ হাসপাতালের পেছনের একটি রাস্তার পাশ থেকে উদ্ধার করেন। অচেতন থাকায় ওই তরুণকে রাতেই মুগদাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ওই তরুণের ব্যাপারে তথ্য সংগ্রহ করে। তিনি কখনো কখনো জ্ঞান ফিরে পাচ্ছেন। তাঁর কাছ থেকে ফোন নম্বর নিয়ে তাঁর বাড়িতে খবর দেওয়া হয়। পরে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ মো. আবুল কালাম থানায় ফোন করে ওই তরুণের পরিচয় নিশ্চিত করেন। তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি টিপু সুলতান বলে নিশ্চিত হওয়া গেছে। সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করে তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি জানার চেষ্টা করা হবে।
এদিকে ছেলের সন্ধান পেয়ে রাতেই টিপুর বাবা শাহজাহান আলীসহ পরিবারের আরও কয়েকজন সদস্য ঢাকায় গেছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শাহজাহান আলী জানান, তাঁরা হাসপাতালে ছেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁকে স্যালাইন দেওয়া হয়েছে। তিনি অসুস্থ। তবে কথাবার্তা বলতে পারছেন। তিনি বলেন, ‘ছেলেকে জীবিত অবস্থায় পেয়েছি, এটাই অনেক বড় পাওয়া। এখন পুলিশ বিষয়টি তদন্ত করে দায়ী ব্যক্তিকে শনাক্ত করলে খুশি হব।’
মুঠোফোনে টিপু সুলতান নাটোরের স্থানীয় সাংবাদিকদের জানান, তিনি ২৪ এপ্রিল সকালে বাড়ি থেকে বের হয়ে অটোরিকশায় করে নাটোর সদর হাসপাতালে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে তিনি নাটোর শহরের পুরোনো জেলখানা মোড়ে পৌঁছালে অটোরিকশার যাত্রী অপরিচিত এক লোক তাঁর নাকে রুমাল ঠেকায়। এরপর তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফিরে আসার পর তিনি নিজেকে একটি বন্ধ ঘরের ভেতর দেখতে পান। সেখানে তাঁকে হাত ও চোখ বেঁধে মারপিট করা হয়। এ সময় কেউ একজন তাঁকে ‘রাজনীতি করার সাধ মিটিয়ে দেব’ বলে গালিগালাজ করছিলেন। মাঝেমধ্যে তাঁকে ইনজেকশন পুশ করা হচ্ছিল। ইনজেকশন পুশ করলে তিনি অচেতন হয়ে যেতেন। সর্বশেষ হাসপাতালে এসে তাঁর জ্ঞান ফেরে।
এদিকে গত ২৪ এপ্রিল টিপু সুলতান নিখোঁজ হওয়ার পর তাঁর বাবা বাগাতিপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। ২৮ এপ্রিল উপজেলা ছাত্রলীগ তাঁকে উদ্ধারের দাবিতে মালঞ্চি ত্রিমোহনীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে টিপুকে উদ্ধারের জন্য প্রশাসনকে সময়সীমা বেঁধে দেওয়া হয়। সমাবেশে অংশ নিয়ে টিপুর পরিবারের সদস্যরা এ ঘটনার সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম এবং সাইলকোনা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনকে দায়ী করেন।
পরিবার থেকে দাবি করা হয়, স্থানীয় বাজারের একটি ঘরের নিয়ন্ত্রণ নিয়ে চেয়ারম্যানের সঙ্গে ও অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় টিপু সুলতানের। এই ঘটনার জের ধরে টিপুকে অপহরণ করা হয়েছে।