নাটোরের শামসুদ্দোহা হত্যা মামলার সব আসামি খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজের ছাত্র এবং ছাত্রলীগের উপজেলা শাখার নেতা শামসুদ্দোহা হত্যা মামলার সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক গত সোমবার এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, খালাস পাওয় ব্যক্তিরা হলেন তমালতলা জুনিয়র গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান, তাঁর ভাই বেলালুর রহমানসহ রাজন, আবদুস ছালাম, রনি, মাসুদ ইবনে আবেদিন, টনি, মোজাহার ও টবলু। মামলার এজাহার মতে, ২০০৯ সালের ১৭ মার্চ রাত আটটার দিকে আগের বিরোধ মীমাংসার কথা বলে আসামি মোখলেসুর রহমান ও বেলালুর রহমান শামসুদ্দোহাকে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরদিন দুপুরে শামসুদ্দোহার লাশ স্থানীয় বড়াল নদে ভাসতে দেখা যায়। এ ঘটনায় তাঁর চাচা রফিকুল ইসলাম বাগাতিপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।তদন্ত শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। চাঞ্চল্যকর মামলা হিসেবে গত ১ মার্চ মামলাটি নাটোরের আদালত থেকে রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় রায়ে আসামিদের খালাস দেওয়া হয়।বাদী রফিকুল ইসলাম বলেন, ‘আদালতের রায়ে আমরা হতাশ। আল্লাহর কাছে বিচার চাওয়া ছাড়া আর কী আছে?’