নাটোরের স্টেশনে সেনাসদস্যদের সঙ্গে যাত্রীদের বাগ্বিতণ্ডা
নাটোরের লালপুর উপজেলার আবদুলপুর রেলস্টেশনে গতকাল বুধবার রাতে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে যাত্রীদের বাগিবতণ্ডা হয়েছে। এ কারণে খুলনা থেকে রাজশাহীগামী ‘সাগরদাঁড়ি’ নামের আন্তনগর ট্রেনটি সোয়া দুই ঘণ্টার মতো স্টেশনে দাঁড়িয়ে থাকে। আবদুলপুর পুলিশ তদন্তকেন্দ্র সূত্রে জানা যায়, আন্তনগর ট্রেন ‘সাগরদাঁড়ি’ গতকাল রাত নয়টা ২০ মিনিটে আবদুলপুর রেলস্টেশনে এসে দাঁড়ায়। এ সময় জেলার বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ সেনানিবাসের ১২০ জন সদস্য রাজশাহী যাওয়ার জন্য ট্রেনটির একটি বগিতে ওঠেন। তাঁরা ওই বগির যাত্রীদের আসন ছেড়ে অন্য বগিতে চলে যাওয়ার জন্য বলেন। যাত্রীরা এতে রাজি না হওয়ায় সেনাসদস্যদের সঙ্গে তাঁদের বাগিবতণ্ডা হয়। আবদুলপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার জাহাঙ্গীর আলম গতকাল রাত ১২টার দিকে প্রথম আলোকে বলেন, সেনাসদস্যরা একটি বগি সংরক্ষণের জন্য আমাদের আগেই জানিয়েছিলেন। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা থাকায় পুরো স্টেশনটিতে ছিল ছাত্রছাত্রীদের অতিরিক্ত চাপ। তাই সেনাসদস্যদের জন্য পৃথক বগি সংরক্ষণের ব্যবস্থা করা সম্ভব হয়নি। তিনি জানান, পরে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঈশ্বরদী থেকে আইআর নামের একটি লোকাল ট্রেনের মাধ্যমে অতিরিক্ত একটি বগি এনে সেনাসদস্যদের রাজশাহী পাঠানোর ব্যবস্থা করে। রাত ১১টা ৩৫ মিনিটে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। আবদুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান সেনাসদস্যদের সঙ্গে যাত্রীদের বাগিবতণ্ডার খবর নিশ্চিত করেছেন।