নাট্য সমিতির শতবর্ষ পূর্তি উৎসবের উদ্বোধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাচীন নাট্য সংগঠন দিনাজপুর নাট্য সমিতির শতবর্ষ পূর্তি উপলক্ষে আজ শনিবার পাঁচ দিনব্যাপী উৎসব শুরু হচ্ছে। বেলা তিনটার দিকে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের এ উৎসবের উদ্বোধনের কথা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় সংসদের হুইপ ও সদর আসনের সাংসদ ইকবালুর রহিমের। এ ছাড়া হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রুহুল আমিন, রেজিস্ট্রার মো. নজিবুর রহমান ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিরা উৎসবে যোগ দেবেন বলে আয়োজকেরা জানিয়েছেন।
দিনাজপুর নাট্য সমিতি সূত্রে জানা গেছে, ১৯১৩ সালে দিনাজপুর নাট্য সমিতি প্রতিষ্ঠিত হয়। এ বছর সংগঠনটির শতবর্ষ পূর্তি উৎসব ঘিরে দিনাজপুরের সাংস্কৃতিক অঙ্গনে কর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নাট্য সমিতিতে পড়েছে সাজ সাজ রব।
দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক মো. রেজাউর রহমান জানান, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও ঔপন্যাসিক তারাশংকর বন্দোপাধ্যায়, নাট্যকার মন্মথ রায় দিনাজপুর নাট্য সমিতি মঞ্চে উপস্থিত থেকে তাঁদের উপন্যাসের নাট্যরূপ প্রত্যক্ষ করেছেন। অভিনেতা শম্ভু মিত্র, চলচ্চিত্র নির্মাতা রাজেন তরফদার, সুভাষ দত্ত, শিল্পী নিতুন কুন্ডুসহ উপমহাদেশের খ্যাতিমান নাট্যাভিনেতা ও শিল্পীরা দিনাজপুর নাট্য সমিতি মঞ্চে অভিনয় করেছেন।
সংগঠনটির সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম জানান, শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।