নাট্য সমিতির শতবর্ষ মাসব্যাপী নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে সাংস্কৃতিক সংগঠন ‘দিনাজপুর নাট্য সমিতি’র শতবর্ষপূর্তি উপলক্ষে নাট্যোৎসব, পুনর্মিলনী ও কর্মশালা নিয়ে মাসব্যাপী এক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দেশবরেণ্য নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সমিতির সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রুহুল আমিন ও জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিক ইমাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রেজাউল রহমান, কাজী বোরহান, চিত্ত ঘোষ প্রমুখ। পরে নাট্য সমিতির শিল্পীরা আন্তনচেখভের নাটক অবলম্বনে ও অধ্যাপক মমতাজউদদীনের রূপান্তরে যামিনীর শেষ সংলাপ নাটকটি মঞ্চস্থ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান বলেন, ১৯১৩ সালে দিনাজপুর নাট্য সমিতি প্রতিষ্ঠার পর শতবর্ষ ধরে সংগঠনটি দিনাজপুরের নাট্য ও সংস্কৃতিচর্চায় অনবদ্য ভূমিকা রেখে চলেছে। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়; এমনকি বিশ্বখ্যাত জাদুকর পি সি সরকারের মতো মানুষদের দিনাজপুর নাট্য সমিতির মঞ্চে পদচারণ প্রমাণ করে দিনাজপুরের সাংস্কৃতিক ঐতিহ্য কত সমৃদ্ধ।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, কোনো জেলায় একটি সাংস্কৃতিক সংগঠনের শতবর্ষপূর্তি সেই জেলার একটি বিরল ঐতিহ্য এবং অহংকার। তিনি প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রীআবুল হোসেনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিদেশ থেকে শিল্পী আনার ব্যাপারে যে আইন রয়েছে, দেশের সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য তা অত্যন্ত ভয়াবহ। অথচ যাঁরা বাণিজ্যিক ভিত্তিতে বিদেশি শিল্পীদের নিয়ে আসেন, কেবল টাকার জোরে তাঁরা সাত দিনের মধ্যেই অনুমতি পেয়ে যান। তিনি এই আইন সংশোধনের জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি দাবি জানান।