নাট্যকর্মী খুনের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়ায় নাট্যকর্মী ফারুক হোসেন হত্যার ঘটনায় গত রোববার নিহত ফারুকের স্ত্রী চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। নিহত ফারুকের পরিবার বলছে, নারী নাট্যকর্মীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তাঁকে হত্যা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক হোসেন হত্যা মামলায় আসামি করা হয়েছে উপজেলার কুলগঙ্গা গ্রামের শাকিল হোসেন (১৯), তাঁর বাবা আবদুল বাতেন (৫০), শাকিলের মা সাজেদা বেগম (৩৭) ও একই গ্রামের রাকিব হোসেন (২৫)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে।
নিহত ফারুকের বোন হালিমা আক্তার বলেন, নাটকে এলাকার নারীরাও অভিনয় করতেন। শাকিল হোসেন নারী নাট্যকর্মীদের বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করতেন। এসব বিষয়ের প্রতিবাদ করায় শাকিলের সঙ্গে ফারুকের দ্বন্দ্ব দেখা দেয়। এ কারণে পূর্বপরিকল্পিতভাবে শাকিল ও তাঁর পরিবারের সদস্যরা ফারুককে কুপিয়ে হত্যা করে।
স্থানীয় সূত্র জানায়, কাপাসিয়ার কুলগঙ্গা গ্রামের ফারুক হোসেন (৪৫) এলাকায় এনজিও প্রতিষ্ঠানের হয়ে পথনাটক করতেন। গত শনিবার সন্ধ্যার পর উপজেলার বরবের গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকবিরোধী একটি নাটিকা পরিবেশন করেন। পরে বটতলা বাজারে নাট্যকর্মী আবদুল কাদির, আবদুল বারেক ও তাঁর ছেলে ফারুক হোসেন, আবদুল বাতেন ও তাঁর ছেলে শাকিলসহ অন্যরা চা পান করতে যান। একপর্যায়ে শাকিল মিয়াসহ কয়েকজন ফারুককে ডেকে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। একপর্যায়ে ফারুকের আর্তচিৎকারে বাজারের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন। এ সময় শাকিলসহ তাঁর সহযোগীরা পালিয়ে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।