রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা্রও সংগীত বিভাগের সভাপতির কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান গতকাল শনিবার পর্যন্ত হয়নি। আন্দোলনরত শিক্ষকেরা গতকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন।প্রত্যক্ষদর্শী এবং নাট্যকলা ও সংগীত বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগে তালা ঝুলিয়ে দেওয়ার সঙ্গে সম্পৃক্ত ও বিভাগীয় সভাপতির অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষকেরা গতকাল সব ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ গ্রহণ থেকে বিরত ছিলেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা একাডেমিক কাজে অংশ নেবেন না বলেও ঘোষণা দেন। এতে গতকাল ওই বিভাগের কোনো বর্ষেরই ক্লাস হয়নি বলে জানা গেছে।এদিকে বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক এম শাহ নেওয়াজ আলীর নেতৃত্বে শিক্ষকেরা গতকাল বেলা দেড়টার দিকে নাট্যকলা ও সংগীত বিভাগে গিয়ে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রগতিশীল শিক্ষক সমাজের শিক্ষকেরা উদ্ভূত পরিস্থিতির দ্রুত সুষ্ঠু সমাধান করা হবে বলে আন্দোলনকারী শিক্ষকদের আশ্বাস দেন। একই সঙ্গে তাঁরা এ বিষয়ের সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলনকারীদের ধৈর্য ধরারও আহ্বান জানান। এ ব্যাপারে আন্দোলনরত শিক্ষক আতাউর রহমান জানান, বিভাগীয় সভাপতির অপসারণ না হওয়া পর্যন্ত শিক্ষকেরা সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে ঘোষণা দিয়েছেন।যোগাযোগ করা হলে নাট্যকলা ও সংগীত বিভাগের সভাপতি মলয় ভৌমিক জানান, সার্বিক বিষয় নিয়ে তিনি আজ রোববার বিকেলে ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করবেন। এর আগে শুক্রবার বিকেলে আন্দোলনকারী শিক্ষকেরা সভাপতির অপসারণ দাবিতে ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেন।এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট শুক্রবার রাতে এক বিবৃতিতে নাট্যকলা ও সংগীত বিভাগের সভাপতির কক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। জোটের সভাপতি রফিক মুয়াজ্জিন স্বাক্ষরিত বিবৃতিতে তালা ঝোলানোর ঘটনাকে চরম দৃষ্টিকটু ও বিশ্ববিদ্যালয়ের রীতিনীতির পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়। বিবৃতিতে অবিলম্বে উদ্ভূত পরিস্থিতির সুষ্ঠু সমাধান করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।উপাচার্য এম আবদুস সোবহান বলেন, এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। তিনি এ জন্য সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।