রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের সভাপতি মলয় ভৌমিক পদত্যাগ করেছেন। গতকাল বুধবার বিকেলে জরুরি সিন্ডিকেট সভায় তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়। সভায় সার্বিক ঘটনা তদন্তে সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান মলয় ভৌমিকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।পদত্যাগ করার আগে দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন মলয় ভৌমিক। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিভাগের কিছু শিক্ষক বিধি লঙ্ঘন করে গত ৩১ মার্চ কর্মচারীদের বের করে দিয়ে তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেন। শিক্ষকেরা তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত দাবি না করেই অপসারণের দাবিতে আন্দোলনের নামে ক্যাম্পাসে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেন। বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীল পরিবেশ রক্ষায় তিনি শর্তসাপেক্ষে সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য শামসুদ্দিন ইলিয়াস ও জনসংযোগ দপ্তরের প্রশাসক চিত্তরঞ্জন মিশ্র জানান, সিন্ডিকেট সভায় মলয় ভৌমিকের পদত্যাগপত্র গ্রহণ, সার্বিক ঘটনা তদন্তে কমিটি গঠন এবং নাট্যকলা ও সংগীত বিভাগের যাবতীয় নথিপত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের হেফাজতে আনার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। প্রসঙ্গত, ২০০৯ সালের নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মলয় ভৌমিককে নাট্যকলা ও সংগীত বিভাগে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ৩১ মার্চ থেকে ওই বিভাগের শিক্ষকেরা মলয় ভৌমিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন।