নাট্যকলা বিভাগের সভাপতির কক্ষে শিক্ষকদের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের সভাপতির কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন কয়েকজন শিক্ষক। পরীক্ষাসংক্রান্ত অনিয়মের অভিযোগ একাডেমিক কমিটির সভার আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত না করায় ক্ষুব্ধ হয়ে তাঁরা গতকাল বৃহস্পতিবার সভাপতির কক্ষে তালা দেন বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভাগের ১৩ জন শিক্ষক গত মঙ্গলবার অভিযোগ করেন, ২০০৮ সালের এমএ পরীক্ষার ফল একাডেমিক অথবা পরীক্ষা কমিটির সুপারিশ ছাড়াই প্রকাশ করা হয়েছে। তাঁরা বিষয়টি একাডেমিক কমিটির সভার আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে বিভাগীয় সভাপতি মলয় ভৌমিকের কাছে আবেদন জানান। জবাবে সভাপতি তাঁদের বলেন, এটি পরীক্ষা নিয়ন্ত্রকের বিষয়। তাই বিষয়টি আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে বিভাগের কয়েকজন শিক্ষক বিভাগীয় সভাপতির কক্ষে যান। তখন সভাপতি সেখানে ছিলেন না। তাঁরা তিন অফিস সহকারীকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দেন। অফিস সহকারীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি লিখিতভাবে প্রক্টরকে জানান।এ ব্যাপারে মলয় ভৌমিক বলেন, দায়িত্ব নেওয়ার পর বিভাগের কিছু শিক্ষকের অনিয়ম ও দুর্নীতি নজরে আসে। এসব বন্ধের উদ্যোগ নেওয়ায় ওই শিক্ষকেরা তাঁর ওপর ক্ষুব্ধ হন। তিনি অভিযোগ করেন, ওই শিক্ষকেরাই একটি মামুলি অভিযোগ তুলে এ ঘটনা ঘটিয়েছেন।বিভাগীয় শিক্ষক আবদুল হালিম প্রামাণিক সভাপতির কক্ষে তালা দেওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, বিভাগের বেশির ভাগ শিক্ষক বর্তমান সভাপতির সঙ্গে কাজ করতে রাজি নন। শিক্ষক হয়ে শিক্ষকের কক্ষে তালা দেওয়া কতটুকু যুক্তিযুক্ত—সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ছাড়া আমাদের কোনো উপায় ছিল না।’এ প্রসঙ্গে উপাচার্য এম আবদুস সোবহান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’