নাট্যকার আতিকুল হক চৌধুরী গুরুতর অসুস্থ
খ্যাতিমান নাট্যকার আতিকুল হক চৌধুরী গুরুতর অসুস্থ। দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। ১৯৩১ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন আতিকুল হক চৌধুরী। ১৯৬০ সালে রেডিও পাকিস্তানে যোগ দেওয়ার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। ১৯৬৬ সালে যোগ দেন বাংলাদেশ টেলিভিশনে। বিটিভিতে কর্মরত অবস্থায় দেশবাসীকে অসংখ্য সেরা নাটক উপহার দেন তিনি। সর্বশেষ তিনি বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক ছিলেন। এরপর তিনি বেসরকারি একুশে টেলিভিশনের উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগেও তিনি ১১ বছর শিক্ষকতা করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আতিকুল হক প্রোস্টেট ক্যানসার, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন। সর্বশেষ তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তাঁকে বাসায় নেওয়া হয়েছে। আতিকুল হক গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমি আজীবন তরুণদের প্রশংসা করেছি। এখনো আমি তরুণদের প্রশংসা করতে চাই। তরুণদের নিয়ে যে যাই বলুক, আমি জানি বাংলাদেশের সব সম্ভাবনা তরুণদের মধ্যেই। তারাই পারে বাংলাদেশকে উন্নতির সর্বশিখরে পৌঁছাতে।’আতিকুল হকের এক ছেলে ও এক মেয়ে। তাঁর স্ত্রী জোহরা বেগমসহ পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে এই নাট্যকারের জন্য দোয়া চেয়েছেন।