নাট্যকার চঞ্চল হত্যার বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের তরুণ নাট্যকার দিদারুল আলম চঞ্চল হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। গতকাল সোমবার জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞার মাধ্যমে স্মারকলিপিটি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেওয়া হয়।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি এবং সদস্যসচিব হালিম আজাদ স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১২ সালের ১৬ জুলাই রাতে চঞ্চল নিখোঁজ হন। ১৮ জুলাই বন্দর উপজেলার শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এরপর লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করে থানায় একটি হত্যা মামলা করা হয়। এর পরদিন নিহত তরুণের পরিবার থানায় আলামত হিসেবে রাখা পোশাক দেখে লাশটি চঞ্চলের ছিল বলে শনাক্ত করে। এরপর কবর থেকে লাশ উত্তোলন করে আবার ময়নাতদন্ত করা হয়।
প্রথমে পুলিশ এই মামলাটির তদন্তকাজ শুরু করলেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় তদন্তভার পরে গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়। কিন্তু তিন বছর পার হলেও আজ পর্যন্ত এ হত্যার রহস্য উদ্ঘাটিত হয়নি। হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও মামলার কোনো অগ্রগতি হয়নি।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নিহত চঞ্চলের ভাই জুবায়ের ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু প্রমুখ।