নাট্যকার দিদারুলের খুনিদের গ্রেপ্তার দাবি, শোক র্যালি
দুর্বৃত্তদের হাতে নিহত নারায়ণগঞ্জের তরুণ নাট্যকার দিদারুল ইসলামের ঘাতকদের গ্রেপ্তারের দাবিতে শোক র্যালি করেছেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বুধবার বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। শোক র্যালিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র দত্ত, উপাধ্যক্ষ নৃপেন্দ্রনাথ ভদ্র, শিক্ষক পরিষদের সচিব জীবন কৃষ্ণ মোদক, লিয়াকত আলী প্রমুখ। দিদারুল ইসলাম চঞ্চল নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের অনার্স বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। ১৭ জুলাই ভোর থেকে নিখোঁজ থাকার দেড় দিন পর বুধবার দুপুরে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করে বন্দর থানা পুলিশ। বেওয়ারিশ হিসেবে মরদেহটি শহরের মাসদাইর কবরস্থানে দাফন করা হয়। বৃহস্পতিবার রাতে দিদারুলের স্বজনেরা টি-শার্ট এবং জিন্স প্যান্ট ও ছবি দেখে তাঁর লাশ শনাক্ত করে।