নাট্যকার দিদারুলের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে তরুণ নাট্যকার দিদারুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকালে তাঁরা শহরের চাষাঢ়া শহীদ মিনারে সমাবেশ করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাহবুবুল ইসলাম। সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি রফিউর রাব্বি, সাধারণ সম্পাদক আবদুর রহমান, নিহত দিদারুলের মা রবিনা বেগম, বড় ভাই পমেলসহ অন্যরা। সমাবেশে বক্তারা বলেন, দুই মাস হলেও তরুণ নাট্যকার ও নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র দিদারুল ইসলামের খুনিদের শনাক্ত করতে পারেনি। অবিলম্বে খুনিদের শনাক্ত করে গ্রেপ্তার ও তাদের শাস্তির দাবি করেন তাঁরা। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। ১৮ জুলাই নারায়ণগঞ্জ বন্দর উপজেলার শীতলক্ষ্যা নদী থেকে দিদারুলের লাশ উদ্ধার করে পুলিশ।