নাট্যকার ফারুকসহ দুজনের সন্ধান মেলেনি
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের উপচে পড়া ভিড়। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে গোসলে নেমে বিপদে পড়ছেন অনেকে। গত রোববার পর্যন্ত তিন দিনে সমুদ্রে গোসলে নেমে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ঢাকার নাট্যকার ফারুক হোসেনসহ দুই ব্যক্তি।
সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত ‘ইয়াছির লাইফ গার্ড স্টেশনের’ পরিচালক মোস্তফা কামাল জানান, গতকাল মঙ্গলবার সকালে সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে পাঁচজন পর্যটক ভেসে যান। এ সময় ডুবুরিরা ঝাঁপিয়ে পড়ে তাঁদের উদ্ধার করেন। গত শুক্রবার বিকেলে এই সৈকতে গোসলে নেমে মারা গেছে স্থানীয় রাখাইন সম্প্রদায়ের দুই কিশোর। নিখোঁজ রয়েছে ওয়াইন রাখাইন নামের আরেক কিশোর। সে শহরের চাউলবাজার এলাকার ন্যু-রি রাখাইনের ছেলে। গতকাল বিকেল পর্যন্ত এই কিশোরের সন্ধান মেলেনি।
ডুবুরিরা জানান, গত পাঁচ দিনে সমুদ্রসৈকত থেকে ভেসে যাওয়ার সময় তাঁরা অন্তত ২০ জনকে উদ্ধার করেছেন; যার মধ্যে শিশু-কিশোর রয়েছে ১২ জন।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ জানান, রোববার দুপুরে প্যাঁচার দ্বীপ সৈকতে গোসলে নেমে নিখোঁজ হন ঢাকার নাট্যকার ফারুক হোসেন (৩৪)। গতকাল বিকেল পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। এ ব্যাপারে পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয় ডুবুরিরা উপকূলে তল্লাশি চালাচ্ছেন।
ফারুক হোসেন নীলফামারীর পশ্চিম সৈয়দপুর গ্রামের ব্যবসায়ী জালাল উদ্দিনের ছেলে। তিনি থাকতেন রাজধানীর পরীবাগের একটি ভাড়া বাসায়।