নাট্যকার সেলিম আল দীনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
জাহাঙ্গীরনগর বিশ্ব-বিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি নাট্যকার সেলিম আল দীনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে নাট্যতত্ত্ব বিভাগ ও ঢাকা থিয়েটার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলা ভবনের সামনে থেকে আজ সকাল সাড়ে নয়টার দিকে শোকযাত্রা বের হবে। এর উদ্বোধন করবেন সেলিম আল দীনের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসা সেলিম। পরে সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।সকাল সাড়ে ১০টার দিকে পুরোনো কলা ভবনে ‘আচার্য সেলিম আল দীন সেমিনার লাইব্রেরি’ উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির। বেলা পৌনে ১১টার দিকে একই স্থানে ‘সেলিম আল দীন চরিতের চিত্রভাষ্য’ বিষয়ক আলোকচিত্র প্রদর্শিত হবে। বেলা ১১টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের থিয়েটার ল্যাব-৪-এ অধ্যাপক লুত্ফর রহমান ‘হাবীব তানবীর ও সেলিম আল দীন’ এবং সাজেদুর রহমান ‘নির্দেশক সেলিম আল দীন’ প্রবন্ধ উপস্থাপন করবেন। বিকেল সাড়ে তিনটার দিকে পুরোনো কলা ভবনের সামনে মৃত্মঞ্চে সেলিম আল দীনের নাটক ও নাটকের গান পরিবেশন করবেন বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। একই স্থানে বিকেল পাঁচটার দিকে চানু বয়াতির দল গাজীর গান পরিবেশন করবে। এ ছাড়া সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের প্রযোজনায় সেলিম আল দীন রচিত প্রাচ্য নাটক মঞ্চস্থ হবে।সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি নিয়েছে ঢাকা থিয়েটার। আজ বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে রাজধানীর শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি বাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দেবে। সেখানে ঢাকা থিয়েটারের সদস্যসহ অন্যরা সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে ফাতেহা পাঠ করবেন। কাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শিল্পকলা একাডেমীর সম্মেলন কক্ষে সেলিম আল দীন স্মারক বক্তৃতা দেবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সন্ধ্যা সাতটার দিকে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় ধাবমান নাটক মঞ্চস্থ করবে ঢাকা থিয়েটার।