সোমবার বিকেল। জাতীয় নাট্যশালার সিঁড়িতে সস্ত্রীক বসে ছিলেন যাত্রাবাড়ীর শফিকুল মিয়া। জানালেন, অনেক দিন থেকেই তাঁর আরণ্যক নাট্যদলের এবং বিদ্যাসাগর নাটকটি দেখার ইচ্ছে ছিল। ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) উৎসবে নাটকটি মঞ্চস্থ হচ্ছে জেনে তিনি দেখতে এসেছেন।গতকাল শিল্পকলা একাডেমীতে তাঁর মতো অনেকেই এসেছিলেন নাটক দেখতে। বিকেল থেকেই ছিল গমগমে পরিবেশ। জমে ওঠে ‘নতুন বাস্তবতা, নতুন থিয়েটার’ শিরোনামের নাট্যোৎসব।আইটিআই ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার শুরু হওয়া সপ্তাহব্যাপী নাট্যোৎসবের গতকাল ছিল পঞ্চম দিন। এদিন অন্য নাটকের মধ্যে পরীক্ষণ থিয়েটারে নাট্যদল থিয়েটার মঞ্চস্থ করে তাদের আলোচিত নাটক মেরাজ ফকিরের মা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটক ও সংগীত বিভাগ নাটমণ্ডলে মঞ্চস্থ করে রাইডার্স টু দ্য সি।আঠারো শতকের সামাজিক প্রেক্ষাপট, বিধবাবিবাহ, বাল্যবিবাহ, নারীশিক্ষা, বাংলা ভাষাকে আধুনিকীকরণে বিদ্যাসাগরের অবদানের পাশাপাশি মাইকেল মধুসূদন দত্তের ভূমিকা, তৎকালীন সমাজে ইয়াং বেঙ্গলের ভূমিকা—এসব নিয়ে তৈরি হয়েছে এবং বিদ্যাসাগর নাটকের গল্প।এবং বিদ্যাসাগর আরণ্যক নাট্যদলের ৪৬তম প্রযোজনা। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, মান্নান হীরা, আমিনুল হক, মোমেনা চৌধুরী, আরিফ হোসেন প্রমুখ। নাটকটি রচনা করেছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর সমাপনীশিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় আয়োজিত ১৭তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী গতকাল সোমবার শেষ হয়েছে। এবারের প্রদর্শনীতে ছিল ১৫৬ জন শিল্পীর ১৭৮টি শিল্পকর্ম। ২ এপ্রিল শুরু হয়েছিল প্রদর্শনী। শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য নবীন শিল্পী চারুকলা পুরস্কার ২০১০ পান কামালুদ্দীন। এ ছাড়া চিত্রকলায় বিশ্বজিৎ গোস্বামী, ভাস্কর্যে সৈয়দ তারেক রহমান ও ছাপচিত্রে আবু নাসের শ্রেষ্ঠ পুরস্কার পান। সম্মাননা পুরস্কার পেয়েছেন ইয়াসমিন জাহান, সাগর চক্রবর্তী, আফসানা শারমিন ও রুহুল করিম।শেষ হলো নৌকা প্রদর্শনীবাংলাদেশের কথা বললেই নদী আর নৌকার কথা চলে আসে। শত শত নদী, উপনদী আর দক্ষিণে বঙ্গোপসাগর-বেষ্টিত এ দেশের ইতিহাস ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হলো কাঠের নৌকা। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে বাংলার ঐতিহ্যবাহী সেই সব কাঠের নৌকা নিয়ে ‘ফ্রেন্ডশিপ বাংলাদেশ ঐতিহ্যবাহী নৌকা’ নামের মাসব্যাপী প্রদর্শনী শেষ হলো গতকাল সোমবার।