নাট্যোৎসবে দর্শক ভিড় বাড়ছেই
বরিশালে শব্দাবলী স্টুডিও থিয়েটারের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসবে দর্শকদের ভিড় বাড়ছেই। স্টুডিও থিয়েটার মঞ্চে আসন কম থাকায় অনেককে নাটক না দেখে ফিরে যেতে দেখা যায়। তবে তাঁদের জন্য অশ্বিনীকুমার হলে দ্বিতীয় নাটক দেখার সুযোগ ছিল।
গত বুধবার সন্ধ্যা সোয়া ছয়টায় শব্দাবলী স্টুডিও থিয়েটার মঞ্চে ছিল ভারতের অলটারনেটিভ লাইভ থিয়েটারের প্রযোজনা লংমার্চ। এ ছাড়া রাত ৮টা ২০ মিনিটে অশ্বিনীকুমার হল মঞ্চে ভারতের বিহার থেকে আগত নাট্যদল দ্য ফ্যাক্ট আর্ট এ কালচার সোসাইটি প্রযোজিত নাটক সামঝোতা মঞ্চস্থ হয়। ওপার বাংলা থেকে আগত নাট্যদলের দুটি প্রযোজনায় মুগ্ধ হন দর্শকেরা।
বুধবার সন্ধ্যা থেকে শব্দাবলী স্টুডিও থিয়েটার মঞ্চের সামনে ভিড় জমান নাট্যকর্মী ও সাধারণ দর্শকেরা। এই ভিড় ছিল লংমার্চ দেখার জন্য। কিন্তু আসন সীমিত থাকায় বেশ কয়েকজনকে ফিরে যেতে হয়।
লংমার্চ নাটকে সমাজের বৈষম্য তুলে ধরা হয়েছে। একই সঙ্গে শ্রেণি দ্বন্দ্ব ফুটে উঠেছে। সার্বিকভাবে উন্নয়ন না করে সুবিধাভোগীর পক্ষে সব ব্যবস্থা পাকাপোক্ত করার কৌশল এবং নিচু শ্রেণির মানুষকে পিষ্ট করার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে কচ্ছপ আর খরগোশ শ্রেণির মধ্য দিয়ে। প্রবীর গুহর লেখা এবং শুভদীপ গুহর সৃষ্টি ও ধারণায় লংমার্চ দর্শকনন্দিত হয়েছে।
অন্যদিকে ভিন্ন ভাষার নাটক সামঝোতায়ও ফুটে ওঠে একই চিত্র। ভাষা ভিন্ন হলেও নাটকের ভাষা বুঝতে কষ্ট হয়নি দর্শকদের। নাটক যে জীবনের প্রতিচ্ছবি, এটাই প্রমাণ করতে সক্ষম হয়েছেন দক্ষ অভিনেতা মানবেন্দ্র কুমার ত্রিপাঠী। একক অভিনয়ে ফুটিয়ে তুলেছেন সমাজের মূল চিত্র।
বরিশালের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যনির্দেশক নিখিল সেন বলেন, ‘এখনো সমাজের নানা অসংগতি মঞ্চ নাটকের মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে। মানুষের অহম এবং শ্রেণিবৈষম্য দূর করার জন্য নিরন্তর চেষ্টা নাট্যকর্মীদের। যার প্রমাণ পেলাম ভারতের বিহার এবং কলকাতার দুটি দলের নাটকের মাধ্যমে।’
২২ জানুয়ারি শব্দাবলীর আয়োজনে আন্তর্জাতিক নাট্যোৎসবে নীল ময়ূরের যৌবন এবং সোনাই মাধব নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হবে নাটকের প্রদর্শনী। তবে উৎসবের সমাপনী হবে ২৩ জানুয়ারি।