নাড়াইছড়ির যোগাযোগ এখনো বিচ্ছিন্ন
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ভারত সীমান্তবর্তী নাড়াইছড়ির যোগাযোগ ব৵বস্থা চালু হয়নি৷ নিরাপত্তার অভাবে সেখানে সরকারি ত্রাণ নিয়ে যেতে পারেননি জনপ্রতিনিধিরা৷ তবে পুড়ে যাওয়া নাড়াইছড়ি বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে গতকাল বুধবার উপজেলা সদরে ত্রাণ বিতরণ করা হয়েছে৷ তাঁদের মাথাপিছু ৩০ কেজি করে চাল ও এক হাজার ৬০০ টাকা করে দেওয়া হয়েছে৷
গতকাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে গিয়ে দেখা যায়, নাড়াইছড়ির বাজারের ৬০ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর মধ্যে ৪২ জন এসেছেন৷ তাঁদের চেহারায় আতঙ্কের ছাপ৷ সর্বস্ব হারিয়ে নির্বাক৷
উপজেলার বাবুছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর (নাড়াইছড়ি) ওয়ার্ডের সদস্য ধারাস চন্দ্র চাকমা নিরাপত্তার কারণে আসতে পারেননি৷ ১ নম্বর (বাবুছড়া) ওয়ার্ডের সদস্য সমর বিজয় চাকমা ব্যবসায়ীদের শনাক্ত করে টিপসই ও স্বাক্ষর নেন৷
ত্রাণ নিতে আসা নাড়াইছড়ি বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী চিরঞ্জীব চাকমা, করুণা চাকমা, রুপম চাকমা, প্রীতি বিকাশ চাকমা, রিপন চাকমা, চিত্তি চাকমা, অসীম চাকমা, তুমরু চাকমা ও নন্দনী চাকমাসহ অন্য ব্যবসায়ীরা বলেন, ২৩ এপ্রিল নাড়াইছড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) গোলাগুলির ঘটনার পরপর তাঁরা প্রাণ বাঁচাতে বাবুছড়ায় চলে আসেন৷ দুই পক্ষের লোকজন নাড়াইছড়িতে লোকজন ও নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে৷ পরে ৩ মে নাড়াইছড়ি বাজারে তাঁদের দোকানপাট পুড়িয়ে দেয়৷ তাঁরা এখন নিঃস্ব৷ তাঁদের চেয়েও কষ্টে আছেন নাড়াইছড়ি ও এর আশপাশের ২০ গ্রামের লোকজন৷
বাবুছড়া ইউপি চেয়ারম্যান সুগতপ্রিয় চাকমা বলেন, ‘নিরাপত্তার অভাবে আমিও সেখানে যেতে পারছি না৷’
একই কথা বলেন উপজেলা পিআইও মোশারফ হোসেন৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল জাহিদ বলেন, ‘নাড়াইছড়ির খাদ্যসংকটে থাকা লোকজনের জন্য ত্রাণ সহায়তা পেতে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি৷ বিজিবির সঙ্গে কথা বলেছি সেখানকার মানুষের নাম তালিকাভুক্ত করার জন্য৷ ত্রাণ পেলে খাদ্যসামগ্রী ও ওষুধপত্র নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পৌঁছে দেব৷’