নাতনিকে নিয়ে দিশেহারা দৃষ্টিহীন আনোয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নার্গিস বেগম
নার্গিস বেগম

নিজের ও দৃষ্টিহীন মায়ের চিকিৎসার জন্য ১০ বছর বয়সী মেয়েকে নিয়ে গত বছরের ৯ মার্চ ভারতে গিয়েছিলেন নার্গিস বেগম (৩৪)। খুলনার এই গৃহবধূর চিকিৎসা শেষে আজমির শরিফ ঘুরে আসারও ইচ্ছা ছিল। কিন্তু তাঁর সেই ইচ্ছা আর পূরণ হয়নি। সেখানে যাওয়ার পথেই একদল দুর্বৃত্তের হাতে নৃশংসভাবে খুন হতে হয় তাঁকে।
দরজির কাজ করে জীবিকা নির্বাহ করতেন নার্গিস। জন্মের আগেই হারান বাবাকে। মামার আশ্রয়ে বড় হন। ২০০০ সালে তাঁর বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে গত বছরের ফেব্রুয়ারি মাসে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর মা আনোয়ারা বেগম (ননী বালা) ও মেয়ে কাকলিকে নিয়ে খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকায় ভাড়া বাসায় ওঠেন। দরজির কাজ দিয়েই চালাতেন তিনজনের সংসার। মেয়েকে হারিয়ে আনোয়ারা বেগম নাতনিকে নিয়ে এখন আছেন তাঁর ভাইয়ের আশ্রয়ে।
গত বৃহস্পতিবার সোনাডাঙ্গা থানার কেডিএ অ্যাপ্রোচ রোডে নার্গিসের মামার বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে তাঁর মা নেই। তবে মেয়ে কাকলি আছে। নার্গিসের মামি রাহেলা বেগম বলেন, নার্গিসের মা কয়েক দিন আগে তাঁর এক বোনের বাড়িতে গেছেন। আর কাকলি চতুর্থ শ্রেণিতে পড়লেও এখন স্কুলে যাচ্ছে না।
মায়ের কথা জানতে চাইতেই চোখ ছলছল করে ওঠে কাকলির। সেদিন তার চোখের সামনেই দুর্বৃত্তরা নার্গিসকে ধরে নিয়ে যায়। ঘটনার বর্ণনা দিয়ে কাকলি বলে, হাওড়া থেকে দিল্লিতে যাওয়ার জন্য ট্রেনে ওঠে তারা। দিল্লি না চেনায় তার মা ট্রেনে থাকা অন্য কয়েকজনকে দিল্লি পৌঁছালে তাঁকে জানানোর কথা বলেন। গভীর রাতে সবার যখন ঘুম ঘুম ভাব, তখন কয়েকটা লোক বলে, ট্রেন দিল্লি পৌঁছেছে। এ সময় তার মা প্রথমে তাকে ও তার নানিকে হাত ধরে ট্রেন থেকে নিচে নামান। পরে তিনি নিজে ব্যাগ নিয়ে নামতে গেলে কয়েকজন তার মায়ের মুখ চেপে ধরে। ট্রেনও ততক্ষণে ছেড়ে দেয়।
কাকলির ভাষ্যমতে, তারা যে স্টেশনে নেমেছিল সেটি ছিল কানপুর রেলস্টেশন। সারা রাত তারা ওই স্টেশনে অপেক্ষা করে। মায়ের খোঁজ না পেয়ে তাদের কান্নাকাটিতে কয়েকজন এগিয়ে আসেন। পরে তাঁরাই সহযোগিতা করে তাদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেন।
নার্গিসের মামি রাহেলা বেগম বলেন, ১৬ মার্চ কাকলি ও তার নানি খুলনায় ফিরে আসেন। আর ১৯ মার্চ সোনাডাঙ্গা থানা-পুলিশ পাসপোর্টের ঠিকানা ধরে তাঁদের বাড়িতে এসে নার্গিসের লাশ পাওয়ার কথা জানায়। ভারতের উত্তর প্রদেশের বাঁধান রেলস্টেশন থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকবার আবেদনের পর ২০ এপ্রিল বেনাপোল বন্দর দিয়ে নার্গিসের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মেয়ের লাশ দাফনের তিন দিন পর আনোয়ারা বেগম এক সংবাদ সম্মেলনে নিজের ও নাতনির অসহায়ত্বের কথা তুলে ধরেন। সেদিন কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেছিলেন, স্বামী হারিয়ে নার্গিসই ছিল তাঁর একমাত্র অবলম্বন। সেই মেয়েকেই হারিয়ে তাঁর ও নাতনির ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায়। তিনি মেয়ে হত্যাকাণ্ডের বিচার ও যথাযথ ক্ষতিপূরণ দাবি করেন। নার্গিস হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে নার্গিসের মামি রাহেলা বেগম ও হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এলিনা খান ২০১৫ সালের ২৪ মে উচ্চ আদালতে রিট পিটিশন করেন। তাৎক্ষণিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ নার্গিসের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। ৪ জুন নগরের বসুপাড়া কবরস্থান থেকে লাশ তুলে খুলনা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত করা হয়।
এলিনা খান গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমরা ভারতীয় মানবাধিকার কমিশনকে নার্গিসের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে চিঠি লেখার জন্য উচ্চ আদালতের অনুমোদন চেয়েছিলাম। আদালত প্রায় ছয় মাস আগে আমাদের সে আবেদন মঞ্জুর করেছেন। কয়েক দিন আগে আমরা আদালতের কাগজ পেয়েছি। খুব শিগগির আবেদন করা হবে।’