নাতি-পুতিরা মূর্তিমান আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেছেন, নারায়ণগঞ্জে আজ মানবিকতা বিপন্ন। ডক ও পাটশ্রমিকদের আন্দোলনের সূতিকাগার নারায়ণগঞ্জের রাজনীতি আজ একটি পরিবার দূষিত করছে। খান সাহেব ওসমান আলী আওয়ামী লীগ গড়ে তুললেও তাঁর নাতি-পুতিরা আজ নারায়ণগঞ্জের মানুষের কাছে মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। কিন্তু তারা মানুষের শক্তিকে ভয় পায়।
গতকাল শুক্রবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে কামাল লোহানী এ কথা বলেন। নারায়ণগঞ্জে সিপিবি, ন্যাপ, ছাত্র ইউনিয়ন ও ছাত্র সমিতির সাবেক নেতা-কর্মীদের সংগঠন ‘সমমনা’র পঞ্চম সমেঞ্চলন করা হয় সেখানে।
প্রতিষ্ঠানের মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে সমেঞ্চলনের উদ্বোধন ঘোষণা করেন উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ভাষাসৈনিক কামাল লোহানী। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে ধর্মভিত্তিক রাজনীতির প্রসার বেড়েছে। জামায়াতের অর্থে তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি নিয়ে বিতর্ক তুলেছেন। অথচ সাংবিধানিকভাবে বঙ্গবন্ধুই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।
সম্মেলনের অন্যতম আলোচক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ) আইনপ্রণেতা হয়েও সিদ্ধিরগঞ্জের নাগরিকদের সিটি করপোরেশনকে হোল্ডিং ট্যাক্স প্রদান বন্ধের নির্দেশ দিয়ে বেআইনি কাজ করছেন। তিনি দুদকের ভয় দেখিয়ে সিটি করপোরেশনের উন্নয়নকাজ বাধাগ্রস্ত করতে চাইছেন। অথচ শামীম ওসমান নিজেই দুদকের দায়ের করা দুর্নীতির মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত।’
মেয়র অভিযোগ করেন, ‘শামীম ওসমান ত্বকী হত্যা মামলা থেকে নিজের ছেলে অয়ন ওসমানকে বাঁচাতে নিজেই তাঁর ক্যাডার ক্যাঙ্গারু পারভেজকে গুম করিয়েছেন। কেননা ত্বকীকে অয়ন ও ক্যাঙ্গারু পারভেজ অপহরণ করেছিল। নিজের ছেলেকে বাঁচাতে ভাতিজা আজমেরী ওসমানের ওপর একতরফাভাবে খুনের দায় চাপিয়ে দিয়েছেন শামীম ওসমান। অথচ ত্বকী হত্যার মূল পরিকল্পনাকারী শামীম ওসমান।’
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, মুক্তিযুদ্ধের যে ভিত্তির ওপর বাংলাদেশ সৃষ্টি হয়েছিল তা আজ ভূলুণ্ঠিত। সাঈদীর ফাঁসির রায়ের পরে বাংলাদেশে ১২০টি মন্দির ভাঙা হয়েছে। মাত্র তিনটি স্থানে জনপ্রতিনিধিরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। জামায়াত-শিবির আগামীতে আবারও তাণ্ডব চালানোর প্রস্তুতি নিচ্ছে।
সমমনার সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সোবহান মিয়া প্রমুখ।
মধ্যাহ্নভোজের পর সমমনার কাউন্সিল অধিবেশন হয়। সেখানে মলয় দাস চন্দনকে সভাপতি ও নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। সন্ধ্যায় চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।