নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার
মুঠোফোনের মেমোরি কার্ড নিয়ে নাতির সঙ্গে প্রতিবেশী এক তরুণের বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন নুরজাহান বেগম (৬৫) নামের এক বৃদ্ধা। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইনাম বলেন, এ ঘটনায় নুরজাহান বেগমের স্বামী খয়বর আলী গতকাল শুক্রবার গ্রামের জয়নাল আবেদীনসহ ছয়জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্র জানায়, বানুরকুটি গ্রামের মুকুল মিয়ার ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে জয়নাল আবেদীনের মুঠোফোনের একটি মেমোরি কার্ড নিয়ে কয়েক দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে আনোয়ার হোসেন প্রতিবেশী আবদুল আজিজের বাড়িতে গেলে জয়নাল আবেদীন লোকজন নিয়ে তাঁকে বেদম মারপিট করে। আনোয়ারের আর্তচিৎকার শুনে তাঁর দাদা খয়বর আলী ও দাদি নুরজাহান বেগম এগিয়ে যান। এ সময় ওই সন্ত্রাসীরা তাঁদেরও এলোপাতাড়ি মারপিট করে। এতে নুরজাহান বেগম গুরুতর আহত হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে নুরজাহানের মৃত্যু হয়।