নাতির বউ দেখা হলো না দাদির
বউ হিসেবে নাতির পছন্দের মেয়েকে দেখতে গিয়ে পদ্মা নদীতে ট্রলারডুবিতে দাদি জয়নব বিবির (৭০) মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন জয়নব বিবির ছেলে কোবাদ খাঁ।
আজ সোমবার দুপুরের দিকে ফরিদপুর সদর উপজেলার নটাখোলা চর এলাকায় পদ্মা নদীতে এই ট্রলারডুবির ঘটনা ঘটে। জয়নব রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আইনদ্দিন প্রামাণিক পাড়ার সৈয়জদ্দিন খানের স্ত্রী।
জয়নবের প্রতিবেশী মো. তারা মিয়াসহ স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জয়নবের ছেলে বাচ্চু খাঁর ছেলে লাবলু খাঁর বিয়ের কথা চলছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে নাতি লাবলু হবু বউ দেখতে দাদি জয়নবসহ পরিবারের সদস্যরা একটি ট্রলার নিয়ে ফরিদপুরের নটাখোলার উদ্দেশে রওনা হন। ট্রলারে ছিলেন লাবলুর দাদা সৈয়জদ্দিন খান, চাচা কোবাদ খাঁ, কুদ্দুস খাঁ, বাবা বাচ্চু খাঁসহ পরিবারের নয় সদস্য। দুপুর সাড়ে ১২টার দিকে নটাখোলার কাছে পৌঁছালে ঝোড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় স্থানীয় খেয়াঘাটে থাকা লোকজন তাঁদের উদ্ধার করে। জয়নব বিবিকে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে ট্রলারডুবির পর বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত লাবলুর চাচা কোবাদ খাঁ ও ট্রলারটির কোনো খোঁজ মেলেনি।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, জয়নবের লাশ দাফনের প্রস্তুতি চলছে। নিখোঁজ কোবাদ খাঁর সন্ধানে ট্রলার নিয়ে উদ্ধার অভিযান চলছে।