নাতির মৃত্যুর খবরে মারা গেলেন দাদি
রাজশাহীর বাঘায় সন্ত্রাসীদের হামলায় আহত নাতির মৃত্যুর খবর শুনে শুক্রবার বিকেলে দাদি মারা গেছেন। তবে নাতি মারা যাওয়ার এ খবরটি সঠিক ছিল না। ওই নাতিকে চিকিৎসার জন্য গতকাল শনিবার ঢাকা পাঠানো হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার খায়েরহাট গ্রামের ইয়াজুল প্রামাণিকের ছেলে আলী আজম (২২) বৃহস্পতিবার রাত নয়টায় সরেরহাট বাজার থেকে ফিরছিলেন। এ সময় পাঁচ যুবক তাঁকে রাস্তা থেকে তুলে আনারের আমবাগানের মধ্যে নিয়ে কুপিয়ে জখম করে। পরে তারা তাঁকে বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়ার প্রস্তুতি নেয়। এ সময় দুজন পথচারী দেখে ফেললে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পথচারীদের চিৎকারে স্থানীয় লোকজন এসে আলী আজমকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, শুক্রবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন আলী আজমের অবস্থার অবনতি হতে থাকে। এ সময় লোকমুখে তাঁদের বাড়িতে খবর যায় আলী আজম হাসপাতালে মারা গেছেন। এ খবর শুনে তাঁর দাদি কমেলা (৬৫) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এ ব্যাপারে ওই পাঁচ যুবকের বিরুদ্ধে আলী আজমের বাবা ইয়াজুল প্রামাণিক শুক্রবার বাঘা থানায় মামলা করেন। বাঘা থানার উপপরিদর্শক আলমগীর বলেন, আসামিদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে।আলী আজমের বড় ভাই সাইদুল ইসলাম জানান, আজমকে গতকাল শনিবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।