নাতির শোকে দাদাও চলে গেলেন না-ফেরার দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গতকালও (বুধবার) তিনি বলছিলেন, “তোরা আমাকে ঢাকায় নিয়ে চল। আমি আমার কলিজার টুকরা নাতিটাকে শেষ দেখা দেখমু।” আরও বলছিলেন, “আল্লাহ তুমি আমার নাতিকে না নিয়া আমাকে নিতে।” আদরের সেই নাতিকে গতকাল বৃহস্পতিবার দাফন করার আগেই তিনিও চলে গেলেন নাতির সঙ্গে না-ফেরার দেশে।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বললেন রাঙামাটিতে উদ্ধারকাজ করার সময় পাহাড়ধসে নিহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মো. তানভীর ছালাম শান্তর ছোট চাচি ঝর্ণা বেগম।

তানভীরের শোকে গতকাল সকাল নয়টায় তাঁর দাদা আবদুল আজিজ মোল্লাও (৯০) মারা গেছেন। নিহত তানভীরের বাড়ি পটুয়াখালীর বাউফলের সিংহেরাকাঠি গ্রামে।

গতকাল বেলা ১১টার দিকে সিংহেরাকাঠি গ্রামের ওই বাড়িতে গিয়ে দেখা যায়, শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা। ওই মুহূর্তে নিহত তানভীরের চাচি ঝর্ণা ছাড়া বাড়িতে অন্য কোনো নিকটাত্মীয় নেই। সব স্বজন ঢাকায় গেছেন তানভীরকে শেষবিদায় জানাতে। গতকাল বেলা সোয়া ১১টার দিকে বনানীর সামরিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।