নাতির হাতে বৃদ্ধা খুন, প্রবাসীকে কুপিয়ে হত্যা
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সেতারা বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে তাঁর নাতি কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঝিনাইদহের শৈলকুপায় প্রবাসী ফারুক হোসেনকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বাকেরগঞ্জ থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেতারা বেগম উপজেলার নেয়ামতি ইউনিয়নের পোড়াচিনা গ্রামের ইসমাইল শরীফের স্ত্রী। কয়েক দিন আগে তাঁদের নাতি সুজন (২০) সেতারা বেগমের কাছে তাঁর মায়ের মুঠোফোন নম্বর চায়। সেতারা বেগম তা দিতে অস্বীকৃতি জানালে গতকাল বেলা ১১টার দিকে সুজন দুজন অপরিচিত তরুণকে বাড়িতে এনে সেতারা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক হোসেন উপজেলা শহরের সিনেমাহলপাড়ার মকবুল হোসেনের ছেলে। সম্প্রতি তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন। সোমবার সন্ধ্যায় ইফতার শেষে মোটরসাইকেল নিয়ে ফারুক বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। গতকাল ভোরে এলাকাবাসী গাবলা গ্রামে একটি নালার পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে।