নাথেরপেটুয়ায় এবার পানিতে ডুবে মারা গেল দুই শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মনোহরগঞ্জের নাথেরপেটুয়া এলাকায় ট্রাকের চাপায় সাত শিশুর মৃত্যুর শোক কাটতে না কাটতেই পানিতে ডুবে একসঙ্গে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নাথেরপেটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মনোহরগঞ্জ থানার ওসি জহিরুল আনোয়ার জানান, ওই গ্রামের মনির হোসেনের দুই মেয়ে মুন্নি আক্তার (৭) ও আঁখি আক্তার (৫) গতকাল দুপুরে বাড়ির সামনের পুকুরের কাছে খেলছিল। একপর্যায়ে তারা পুকুরে ডুবে মারা যায়। এর আগে গত শনিবার নাথেরপেটুয়া এলাকায় ট্রাকের চাপায় হাতিমারা গ্রামের সাত শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। ওই দুর্ঘটনার তিন দিন পার হলেও পুলিশ ট্রাকের চালককে শনাক্ত করতে পারেনি। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।হাতিমারা গ্রামের বাসিন্দারা জানান, কাল বৃহস্পতিবারের মধ্যে ঘাতক ট্রাকচালককে গ্রেপ্তার করা না হলে তাঁরা কঠোর কর্মসূচি দেবেন। মনোহরগঞ্জ থানার ওসি বলেন, দুর্ঘটনার পর শনিবার রাতে নিহত স্কুলছাত্র ফাহদুল ইসলামের বড় ভাই নাসির উদ্দিন বাদী হয়ে ট্রাকের চালকের বিরুদ্ধে মামলা করেন। তবে এটির তদন্তের দায়িত্ব কুমিল্লা হাইওয়ে পুলিশের হওয়ায় মামলাটি সেখানে স্থানান্তর করা হয়েছে। কুমিল্লার হাইওয়ে (পূর্ব) পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, তাঁরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন। প্রাথমিকভাবে দুর্ঘটনাকবলিত ট্রাকের মালিকের নাম-ঠিকানা জানা গেছে। এটি যাঁচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়নামতি হাইওয়ে থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।