নাদাল হতে চায় মেহেদি
শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। কিন্তু দিনে দিনে খেলার মাঠ কমছে এই শহরে। শৈশব, কৈশোর আটকা পড়ছে চার দেয়ালে। এর মধ্যেই প্রাণের টানে বেরিয়ে আসছেন অনেকে। তবে পাদপ্রদীপের আলো সবার ভাগে্য জোটে না। আবার ক্রিকেট-ফুটবলের মতো বড় খেলার চাপে আড়ালে চলে যায় অন্য খেলা, খেলোয়াড়। তঁাদের জন্যই এই আয়োজন

স্বাধীনতাযুদ্ধের বছর দুয়েক আগে বাবার হাত ধরে বরিশাল থেকে ঢাকায় এসেছিলেন আবদুল লতিফ। তাঁর বাবা তখন ঢাকা ক্যান্টনমেন্টে মালির কাজ করতেন। আবদুল লতিফ এখন টেনিস ফেডারেশনের কেয়ারটেকার। কিন্তু ছেলে মেহেদি হাসানকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন। ছেলে একদিন রাফায়েল নাদালের মতো মস্ত বড় টেনিস খেলোয়াড় হবে!
বাবা হিসেবে এমন স্বপ্ন দেখতেই পারেন লতিফ। কিন্তু ছেলের মনের মধ্যেও যে সেই একই স্বপ্নের বীজ। রমনার ছায়াঘেরা টেনিস কমপ্লেক্সে ৩০টি বছর কাটিয়ে দেওয়া আবদুল লতিফ একটু একটু করে ছেলের মনের মধ্যে টেনিসের বীজ বুনেছেন। ছেলেটাও যেন বাবার স্বপ্নের সিঁড়ি বেয়ে তরতরিয়ে এগিয়ে চলেছে। বয়স মাত্র ১১। এরই মধ্যে জাতীয় টেনিসের মিনি গ্রুপের অনূর্ধ্ব-১০ ও অনূর্ধ্ব-১২ বয়স গ্রুপে টানা পাঁচবার হয়েছে চ্যাম্পিয়ন। গত মে মাসে নেপালে আইটিএফ (আন্তর্জাতিক টেনিস ফেডারেশন) অনূর্ধ্ব-১২ টুর্নামেন্টের আঞ্চলিক বাছাইয়ে বাংলাদেশ হয়েছে দলগত চ্যাম্পিয়ন। বাংলাদেশকে জেতানোয় বড় অবদান ছিল মেহেদির। গ্রুপ পর্বে বাংলাদেশ হারায় পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানকে। এরপর ফাইনালে আবারও নেপালকে হারিয়ে দেয় বাংলাদেশ। ওই ম্যাচের এককে মেহেদি হারিয়েছিল নেপালি খেলোয়াড়কে। এই জয়ে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আগামী নভেম্বরে কাজাখস্তানে ১২টি দল নিয়ে হবে চূড়ান্ত পর্ব।
মেহেদির চোখ এখন শুধুই কাজাখস্তানে নয়। নিয়মিত আন্তর্জাতিক টুর্নামেন্টে আরও বেশি করে খেলতে চায় নীলক্ষেত উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র, ‘আমি এটিপি ওয়ার্ল্ড ট্যুরে খেলতে চাই।’
টেনিস ফেডারেশনে আবাসন পাওয়ার আগে ক্যান্টনমেন্ট এলাকা থেকে নিয়মিত রমনায় আসতেন আবদুল লতিফ। বাবার হাত ধরে তখন থেকেই ফেডারেশনে আসত মেহেদি। টেনিস কোর্টে অন্যদের খেলা দেখে তর সইত না মেহেদির। ছেলের টেনিসের প্রতি আগ্রহ দেখেই একদিন হাতে র্যাকেট তুলে দেন লতিফ।
প্রথম বছর মিনি টেনিসের ফাইনালে উঠলেও রানার্সআপ হয়ে সেকি কান্না মেহেদির! বাবা আবদুল লতিফ বলেন আর হাসেন, ‘ছেলের কান্না দেখে বুঝে গেছি ও আরও বড় খেলোয়াড় হবে। খেলার প্রতি ওর ভালোবাসা আছে। ওকে বোঝাতে লাগলাম এবার হয়নি, পরের বছর নিশ্চয় হবে।’ এরপর ঠিকই পাঁচবার অনূর্ধ্ব-১২ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছিল মেহেদি।
এমনিতেই বাংলাদেশে অপ্রচলিত খেলা টেনিস। র্যাকেটসহ অন্যান্য সরঞ্জামের দামও আকাশছোঁয়া। কেয়ারটেকার বাবার পক্ষে এসব কিনে দেওয়া কষ্টসাধ্য। ছেলের অনুশীলনের জন্য অনেক কষ্টে সাড়ে তিন হাজার টাকা দামের একটা র্যাকেট কিনে দিয়েছিলেন। কিন্তু ওই র্যাকেট দিয়ে খেলা প্রায় অসম্ভবই ছিল। মেহেদির ভাগ্য খুলে যায় গত বছর। ফেডারেশনে প্রায় সন্ধ্যায় টেনিস খেলতে আসেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী এবং জাতীয় দলের সাবেক ফুটবলার আরিফ খান। বাবা ও ছেলের সঙ্গে প্রায়ই টেনিস খেলতেন মন্ত্রী। একদিন সুযোগ বুঝে মন্ত্রীকে নিজের কষ্টের কথা শোনান আবদুল লতিফ। মন্ত্রী এরপর ২০ হাজার টাকা দামের একটি র্যাকেট কিনে দেন মেহেদিকে।
মেহেদির ভাই আজিজুল হাকিমও টেনিস খেলে। কিন্তু বড় ছেলের চেয়ে ছোট ছেলেকেই এগিয়ে রাখলেন লতিফ, ‘ওর বয়সী ছেলেদের চেয়ে অনেক এগিয়ে মেহেদি। ওর ফোরহ্যান্ড ও ব্যাকহান্ড শটগুলো দুর্দান্ত।’
মেহেদির প্রিয় খেলোয়াড় স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। নাদালের খেলা থাকলে সব ভুলে বসে পড়ে টিভি সেটের সামনে। বন্ধুরাও স্কুলে মেহেদিকে ‘নাদাল’ বলে খ্যাপায়। তাতে অবশ্য মোটেও মন খারাপ হয় না মেহেদির। বরং টেনিস খেলেই লাল-সবুজের পতাকা ছড়িয়ে দিতে চায় সারা বিশ্বে। সেই স্বপ্নেই বিভোর রমনা টেনিস কমপ্লেক্সের এই কিশোর।