রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা চেয়ারম্যান পদে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আল মামুনকে সমর্থন দিয়েছেন।
আল মামুন ছাড়াও বিএনপি থেকে আরও পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাঁদের মধ্যে চারজন সমঝোতা বৈঠক করে অপর প্রার্থী আনারুল ইসলামকে সমর্থন দিয়ে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখন তাঁরা বলছেন, পুঠিয়ায় বিএনপির দুজন প্রার্থী। একজন হলেন নাদিম মোস্তফার সমর্থিত প্রার্থী আল মামুন। অপরজন তৃণমূল বিএনপির সমর্থিত প্রার্থী আনারুল ইসলাম।
বিএনপি সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি নাদিম মোস্তফা স্বাক্ষরিত এক চিঠিতে আল মামুনকে দলের সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
এদিকে, উপজেলার বেলপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিএনপির নেতা রাকিব হোসেন, জেলা বিএনপির সহসভাপতি মোখলেছুর রহমান, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক একরামুল হক ও জেলা মৎস্যজীবী দলের জ্যেষ্ঠ সহসভাপতি আনারুল ইসলাম চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। তাঁরা প্রত্যেকেই প্রচারণার জন্য মাঠে নামেন। তবে ৫ মার্চ ওই পাঁচজন উপজেলার বানেশ্বর বাজারের একটি আবাসিক হোটেলে বৈঠক করেন। এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও চারঘাট উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ উপস্থিত ছিলেন।
বানেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজ্জাক হোসেন বলেন, মনোনয়নপত্র দাখিল করা চারজন প্রার্থী আনারুল ইসলামকে তৃণমূল বিএনপির সমর্থিত প্রার্থী ঘোষণা করেন। সেই অনুযায়ী, পরের দিন চারজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
আনারুল ইসলাম বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে বসার পর মনোনয়নপত্র দাখিল করা অপর সব প্রার্থী তাঁকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। সবাই তাঁর পক্ষে কাজ করছেন। তিনি অভিযোগ করেন, আল মামুন অর্থের বিনিময়ে প্রার্থী হয়েছেন।
জানতে চাইলে আল মামুন দাবি করেন, যাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, তাঁরা সবাই তাঁকে সমর্থন করে প্রতিদ্বন্দিতা থেকে সরে গেছেন। তিনিই দলের সমর্থিত প্রার্থী।
এ ব্যাপারে নাদিম মোস্তফার সঙ্গে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।