নাদিম মোস্তফাসহ বিএনপির ১০০ নেতা-কর্মীর নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ নাদিম মোস্তফাসহ বিএনপির ১০০ নেতা-কর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের সমাবেশে হামলা ও সড়ক অবরোধ করে কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক জহুরুল হক বাদী হয়ে এ মামলা করেন। এতে নাদিম মোস্তফাসহ বিএনপির ৩৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত ৬২ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর থেকেই পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে। বিএনপির নেতা নাদিম মোস্তফা এ মামলার ব্যাপারে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘এটা স্থানীয় আওয়ামী লীগের অপরাজনীতির কৌশল। আগামী নির্বাচনে জনগণ এর জবাব দেবে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা মহাসড়ক দখল করে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়ে আমাদের ঈদ পুনর্মিলনীর কর্মসূচিতে বাধা দিয়েছে। আমরা শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সেখানে না গিয়েই ফিরে এসেছি। অথচ আমাদের নামে মামলা করা হয়েছে। এটি দুঃখজনক।’পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবদুস সালাম বলেন, তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ২১ আগস্ট বিকেলে নাদিম মোস্তফা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পুঠিয়া যান। এই শোভাযাত্রা ঠেকাতে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তবে আওয়ামী লীগ দাবি করেছে, তারা ওই সময়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে পুঠিয়ায় রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে সমাবেশ করছিল।