নাদিম মোস্তফাসহ ৩ জনের কুশপুত্তলিকা দাহ, অবাঞ্ছিত ঘোষণা
রাজশাহীর বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌরসভা জাতীয়তাবাদী যুবদলের নির্বাচিত সভাপতিদের বাদ দিয়ে ঘরোয়া কমিটি গঠন করার অভিযোগে সাবেক সাংসদ জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফাসহ তিন নেতার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এলাকায় তাঁদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়। গত রোববার সন্ধ্যার দিকে উপজেলা যুবদলের উদ্যোগে ভবানীগঞ্জ দলীয় দপ্তর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা, যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল ও উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে কামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুবদলের নেতা আক্তারুজ্জামান বল্টু, হিটলার আলী, মতিউর রহমান মতিন, জালাল উদ্দিন, নূরতাজ, রহিদুল ইসলাম, শাহাবুল হোসেন, বেলাল হোসেন, আবদুল মান্নান প্রমুখ। বক্তারা গত বুধবার ঘোষিত কমিটিকে অগণতান্ত্রিক আখ্যায়িত করেছেন। জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ নাদিম মোস্তফা বলেন, এটা যুবদলের ব্যাপার। উপজেলা ও পৌরসভা কমিটি গঠনের দায়িত্ব তাদের। কমিটি গঠনের ব্যাপারে তাঁর কোনো হস্তক্ষেপ নেই বলে জানান। ভবানীগঞ্জ পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম দাবি করেন, তিনি ছাত্রজীবন থেকে জাতীয়তাবাদীর রাজনীতির সঙ্গে জড়িত। উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান বলেন, তিনি এটার সঙ্গে জড়িত নন।