নাদিম মোস্তফাসহ ৯১ জনকে গ্রেপ্তার দাবি
সাবেক সংসদ নাদিম মোস্তফাসহ ৯১ জনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামানের নির্বাচন পরিচালনা কমিটি। গতকাল মঙ্গলবার নগর আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী আবদুল কুদ্দুস, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান, শেখ তবিবুর রহমান, জাসদের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ শিবলী প্রমুখ। ফজলে হোসেন তাঁর বক্তব্যে বলেন, জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে যেভাবে তাঁকে হুমকি-ধমকি দিয়েছেন, তাতে সুষ্ঠু নির্বাচন নিয়ে সবাই উৎকণ্ঠিত।
তিনটি মামলার এজাহারসহ পুলিশ কমিশনারের কাছে জমা দেওয়া ৯১ জন আসামির নামের তালিকার শীর্ষে রয়েছে নাদিম মোস্তফা। তিনি একটি মামলার প্রধান আসামি।