নাদিমুজ্জামান হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে তাঁর মেয়েবন্ধু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাদিমুজ্জামান সাদ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে তাঁর এক মেয়েবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মহানগরের হাজরাপুকুর এলাকার এক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নাদিমুজ্জামানকে হত্যার মূল পরিকল্পনাকারী বলে অভিযুক্ত সুইটের মেয়েবন্ধু সূত্রে মাস তিনেক আগে নাদিমুজ্জামানের সঙ্গে তার পরিচয় হয়। সে মহানগরের বরেন্দ্র কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্রী। হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করে ওই মেয়েবন্ধু জানায়, সে সুইটের কথামতো আসল পরিচয় গোপন করে মৌ পরিচয়ে নাদিমুজ্জামানের মা নাদিরা বেগমের সঙ্গে মুঠোফোনে কথা বলেছে। নাদিরা বেগমকে সে বলেছে, নাদিমুজ্জামান তাকে বিয়ে করবে। সে অন্তঃসত্ত্বা। নাদিমুজ্জামানের পরিবারকে ব্ল্যাকমেল করে অর্থ আদায় করাই তাদের মূল উদ্দেশ্য ছিল। সে আরও জানায়, সুইট পিকনিকের কথা বলে কৌশলে নাদিমুজ্জামানকে বাড়ি থেকে ডেকে আনে। এই হত্যাকাণ্ডে আরও এক মেয়ে সম্পৃক্ত। মামলার তদন্ত কর্মকর্তা ও রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, নাদিমুজ্জামানের ওই মেয়েবন্ধু মুঠোফোনের সিম পরিবর্তন করে মহানগরের বিভিন্ন এলাকায় থাকত। রিমান্ডে থাকা আসামি মাসুদের তথ্যের ভিত্তিতে তাকে (মেয়েবন্ধু) গ্রেপ্তার করা হয়। গত ২৫ জানুয়ারি মহানগরের শিরোইল মঠপুকুর এলাকার একটি ছাত্রাবাসের সেপটিক ট্যাংক থেকে নাদিমুজ্জামানের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর তিন বন্ধুকে গ্রেপ্তার করা হয়।