নাদিমুজ্জামান হত্যার ঘটনায় দুজনকে ঢাকা থেকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাদিমুজ্জামান সাদ হত্যার সঙ্গে জড়িত অভিযোগে সুইট রেজা ওরফে সুইট ও তার বন্ধু আল আউয়াল ওরফে কোয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহীর রাজপাড়া থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর শেরে বাংলানগর থেকে সুইট ও কোয়েলকে গ্রেপ্তার করে। গতকালই তাদের রাজশাহীতে নেওয়া হয়।সুইটের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামে। বাবার নাম সেলিম উদ্দিন। কোয়েলের বাড়িও একই গ্রামে। তার বাবার নাম মো. আলিম। সুইট রাজশাহী নগরের বরেন্দ্র কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কোয়েল ঢাকায় তৈরি পোশাক কারখানায় কাজ করত। কিছুদিন আগে সে রাজশাহীতে আসে।নাদিমুজ্জামান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর জানান, ঘটনার পর সুইট ও কোয়েল পালিয়ে গিয়ে ঢাকায় মণিপুর এলাকায় অবস্থান করছিল। সেখান থেকে তারা চট্টগ্রামে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। গতকাল ভোরে ঢাকায় শেরে বাংলানগর চক্ষু হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাদিমুজ্জামানকে হত্যার কথা স্বীকার করেছে সুইট ও কোয়েল। এসআই আলমগীর জানান, এ নিয়ে এই মামলায় মোট ছয়জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে গ্রেপ্তার হওয়া মাসুদ ইবনে আলী, কায়সার আহম্মেদ, রাশিদুল ইসলাম ও এক তরুণী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে সুইটের নাম বলে। অভিযুক্ত সুইট নাদিমুজ্জামানের বাল্যবন্ধু। দুজনের বাড়ি একই গ্রামে।গত ২৫ জানুয়ারি রাজশাহী নগরের শিরোইল মঠপুকুর এলাকার একটি ছাত্রাবাসের সেপটিক ট্যাংক থেকে নাদিমুজ্জামানের লাশ উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিদের দেওয়া তথ্যানুযায়ী, ১৭ জানুয়ারি নাদিমুজ্জামানকে কৌশলে অপহরণ করা হয়। ব্ল্যাকমেইল করে নাদিমুজ্জামানের পরিবারের কাছ থেকে অর্থ আদায়ে ব্যর্থ হয়ে পরদিন তাকে গলা কেটে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে রাখা হয়।