রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বাধায় গত পাঁচ বছর এলাকায় ঢুকতে পারেননি ওই আসনের দুবারের সাবেক সাংসদ বিএনপির নেতা নাদিম মোস্তফা। তাঁর বিরুদ্ধে আছে বিএনপির একটি অংশও। এ সময় তিনি এলাকায় বিভিন্ন জনসভায় বক্তব্য দিয়েছেন মুঠোফোনের মাধ্যমে। তাঁর অনুসারীদের দাবি, ভোটাররা এতেই তাঁকে বিপুল ভোটে বিজয়ী করবেন।
আর এ আসনের আওয়ামী লীগদলীয় বর্তমান সাংসদ আবদুল ওয়াদুদ দারা মাইক্রোফোন হাতে একের পর এক জনসভায় গত পাঁচ বছরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড। কিন্তু তাঁর দলের একটা অংশ তাঁর বিপক্ষে আছে। দলীয় সাংসদের বিরুদ্ধে তারা বিক্ষোভ করছে।
এ অবস্থায় আওয়ামী লীগের অপর এক মনোনয়নপ্রত্যাশীকে নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জি এম হীরা।
দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না, তা নিয়ে সংশয় থাকলেও বসে নেই দলের নেতা-কর্মীরা। তাঁরা কাজ শুরু করে দিয়েছেন মাঠপর্যায়ে। নাদিম মোস্তফা ছাড়াও এ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী গত নির্বাচনে দলের পরাজিত প্রার্থী নজরুল ইসলাম ইতিমধ্যে এলাকায় পোস্টার সেঁটেছেন। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সিরাজুল করিমও মনোনয়নপ্রত্যাশী।
১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে জয়ী নাদিম মোস্তফা গত নির্বাচনের সময় আত্মগোপনে দেশের বাইরে থাকায় নির্বাচন করতে পারেননি। দলের প্রার্থী হয়েছিলেন পুঠিয়ার লস্করপুর ডিগ্রি কলেজের শিক্ষক নজরুল ইসলাম। তিনি আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওয়াদুদের কাছে হেরে যান। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নাদিম মোস্তফা দেশে ফিরে এলেও নিজের নির্বাচনী এলাকায় যেতে পারেননি। যতবার এলাকায় যাওয়ার চেষ্টা করেছেন, ততবার আওয়ামী লীগের কর্মীদের বাধার সম্মুখীন হয়েছেন। সেই সঙ্গে বিএনপির একটি অংশও নাদিম মোস্তফার বিরুদ্ধে সক্রিয়। সর্বশেষ গত বছরের ২১ আগস্ট বিকেলে নাদিম মোস্তফা মোটরসাইকেল শোভাযাত্রা করে পুঠিয়ায় যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।
বিএনপির মনোনয়নপ্রত্যাশী সিরাজুল করিম বলেন, ক্ষমতায় থাকতেই এলাকায় নাদিম মোস্তফার শক্তিশালী প্রতিপক্ষ তৈরি হয়েছিল। তারা বিএনপি রক্ষা কমিটি গঠন করেছিল। বিএনপির ওই পক্ষ এ আসনে একজন নতুন প্রার্থী দেখতে চায়।
তবে পুঠিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক মনসুর রহমান বলেন, নাদিম মোস্তফা পুঠিয়া-দুর্গাপুরের জনপ্রিয় নেতা। আওয়ামী লীগ ও বিএনপির একটি ছোট অংশ তাঁকে ঠেকানোর চেষ্টা করছে। মনসুর রহমান দাবি করেন, ‘নাদিম মোস্তফা ইচ্ছা করলেই আসতে পারেন। কিন্তু আমরাই তাঁকে নিষেধ করি। এলাকায় এসে অহেতুক হামলা ও মামলার শিকার হওয়ার প্রয়োজন নেই।’
নাদিম মোস্তফা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এলাকায় না গিয়ে আমার জনপ্রিয়তা আরও বেড়েছে।’
এদিকে আওয়ামী লীগে সাংসদ আবদুল ওয়াদুদের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের একটি অংশ প্রকাশ্যে অবস্থান নিয়েছে। সর্বশেষ পুঠিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি ভাঙার জের ধরে দলের ওই অংশের ক্ষোভ আরও জোরালো হয়েছে। এ নিয়ে সাংসদের বিরুদ্ধে উপজেলা সদরে সম্প্রতি কয়েক দফা মিছিল করেছেন দলের নেতা-কর্মীরা।
মনোনয়নপ্রত্যাশী গোলাম ফারুক দাবি করেন, পুঠিয়া-দুর্গাপুরে দলের নেতা-কর্মীরা সবাই সাবেক সাংসদ তাজুল ইসলাম মোহাম্মদ ফারুকের অনুসারী ছিলেন। গত নির্বাচনে তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। আবদুল ওয়াদুদ নির্বাচিত হওয়ার পর থেকে যাঁরা তাঁর কাছে গিয়ে তাজুল ইসলাম ফারুক ও তাঁর (গোলাম ফারুক) নামে বদনাম করেছেন, তাঁরাই সাংসদের প্রিয়পাত্র হয়েছেন। এমনকি উপজেলা আওয়ামী লীগের কমিটিও করেছেন নিজের আত্মীয়স্বজন নিয়ে। তাঁর এসব কর্মকাণ্ডে বর্তমানে পুঠিয়া-দুর্গাপুরে আওয়ামী লীগ বিভক্ত হয়ে পড়েছে।
তবে সাংসদ আবদুল ওয়াদুদ দাবি করেন, ‘আমার নেতৃত্বে দুই উপজেলায় আগের যেকোনো সময়ের চেয়ে এখন আওয়ামী লীগ আরও শক্তিশালী। দলের ৯৯ শতাংশ নেতা-কর্মী আমার সঙ্গেই রয়েছেন।’
জেলা আওয়ামী লীগে সাবেক সভাপতি ও সাবেক সাংসদ তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক দাবি করেন, পাঁচ বছর আগের চেয়ে তাঁর জনপ্রিয়তা এখন দ্বিগুণ। মনোনয়ন পেলে তিনি নির্বাচিত হবেন।
এদিকে কয়েক দিন আগে একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত আওয়ামী লীগের নেতৃত্বে ১০০ নতুন নেতার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় জেলা ছাত্রলীগের সাবেক নেতা জি এম হীরার নাম থাকায় তাঁর সমর্থকেরা এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।
জি এম হীরা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি দলের কোনো পদে নেই। জি এম হীরা বলেন, মানুষের জন্য তিনি রাজনীতি করছেন। তাঁদের ভালোবাসা পেয়েছেন। তাঁদের জন্যই দলের মনোনয়ন চাইবেন। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষ তাঁর পক্ষে মিছিল করছেন।