নাদিরার নতুন জামা পরা হলো না
আগামী ১৭ এপ্রিল মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষা। এ উপলক্ষে বড় বোন খালেদার কাছে নতুন জামা ও এক জোড়া জুতার আবদার করেছিল নাদিরা (১৫)। কিন্তু নতুন জামা ও জুতা পরা হলো না তার। গতকাল বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হোসেন্দী পূর্বপাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে পুলিশ নাদিরার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। সে ছিল হোসেন্দী দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী। তারা বাবা হোসেন্দী পূর্বপাড়া এলাকার শামছুল হক। নাদিরা হোসেন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত ইমদাদুল হক ওরফে কিরণ মিয়ার বাড়িতে থেকে মাদ্রাসায় লেখাপড়া করত। গতকাল সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাড়ির কাছের একটি বাঁশঝাড়ের ভেতরে লটকন গাছের গোড়ায় নাদিরার মৃতদেহ পড়ে আছে। এলাকাবাসী ধারণা করছেন, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নাদিরার বাবা শামছুল হক বলেন, ‘কিরণ চেয়ারম্যানের বাড়িতে থেকে নাদিরা হোসেন্দী দাখিল মাদ্রাসায় নবম শ্রেণীতে পড়ত। গতকাল বিকেলে চেয়ারম্যানের বাড়ি থেকে এসে ওয়াজ মাহফিলে গজল গেয়েছিল। পরে সন্ধ্যার সময় নাদিরার মা তাকে চেয়ারম্যানের বাড়ির অর্ধেক রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে চলে আসে।’ সাবেক চেয়ারম্যান ইমদাদুল হকের স্ত্রী জীবন নেছা বলেন, ‘নাদিরা প্রায় ছয় বছর ধরে আমাদের বাড়িতে থেকে মাদ্রাসায় লেখাপড়া করছে। গতকাল দুপুরের খাবার খেয়ে নাদিরা ঘুমিয়ে ছিল। আসরের নামাজের আজান দেওয়ার পর তাকে ডেকে ঘুম থেকে উঠিয়ে আমি ও সে আসরের নামাজ পড়ি। নামাজ শেষে নাদিরা তার বাপের বাড়িতে চলে যায় ওয়াজ শোনার জন্য।’ স্থানীয় চেয়ারম্যান মানসুরুল হক বলেন, রাতে চেয়ারম্যানের বাড়িতে যাওয়ার সময় লম্পটেরা রাস্তা থেকে ধরে নিয়ে হয়তো তাকে ধর্ষণের চেষ্টা করেছিল। ধর্ষণ করতে না পেরে তাকে গলা টিপে হত্যা করেছে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, মরদেহের সুরতহাল করে লাশ মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, লাশের গলায় হাতের আঙুলের ছাপ পাওয়া গেছে এবং বাম গালের পাশেও একটি দাগ পাওয়া গেছে। মামলার প্রস্তুতি চলছে।