নাদিয়া কমপ্লেক্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনভয় গ্রুপের মালিকানাধীন নাদিয়া কমপ্লেক্সের তিনটি পোশাক কারখানার বিরুদ্ধে সাত দিনের মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শামছুল হুদা ও বেগম নূরুন নাহার ওসমানীর সমন্বয়ে গঠিত পূর্ণ বেঞ্চ গত সোমবার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরের প্রধান পরিদর্শককে এ নির্দেশ দেন। গত বৃহস্পতিবার রায়ের লিখিত কপি প্রথম আলোর কার্যালয়ে পৌঁছে।
গত ১১ জুন প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘বাঁশ-দড়ির জরুরি বহির্গমন সিঁড়ি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে রাজধানীর ইস্কাটনে নাদিয়া কমপ্লেক্সের তিনটি পোশাক কারখানায় বাঁশ-দড়ির একটি সিঁড়িকে জরুরি বহির্গমন হিসেবে ব্যবহারের খবর ছবিসহ ছাপা হয়। প্রতিবেদনটিকে আমলে নিয়ে পরদিন শ্রম আপিল ট্রাইব্যুনাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর এবং শ্রম পরিচালককে ওই পোশাক কারখানাগুলো পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
১৪ জুলাই পরিদপ্তর তাদের ‘পরিদর্শন প্রতিবেদন’ দাখিল করে। এতে নাদিয়া কমপ্লেক্সে বাঁশ-দড়ির সিঁড়িটির অস্তিত্ব নেই বলে উল্লেখ করা হয়, যা প্রথম আলোর প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক। তাই ট্রাইব্যুনাল প্রথম আলোকে প্রতিবেদনের সপক্ষে বক্তব্য পেশের নির্দেশ দেন। ২৯ সেপ্টেম্বর প্রথম আলোর পক্ষে প্রতিবেদক কাজী আনিছ আদালতে লিখিত বক্তব্য দাখিল করেন। এ নিয়ে ৩০ সেপ্টেম্বর শুনানি হয়।
শুনানিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরের উপপ্রধান পরিদর্শক ওবাইদুল ইসলাম প্রথম আলোর প্রতিবেদনটি সঠিক বলে স্বীকার করেন। প্রথম আলোর পক্ষে বক্তব্য দেন প্রতিবেদক কাজী আনিছ ও আইনজীবী আফতাব উদ্দিন সিদ্দিকী।
শুনানি শেষে ট্রাইব্যুনাল সাত কর্ম দিবসের মধ্যে নাদিয়া কমপ্লেক্সের তিনটি পোশাক কারখানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পরিদপ্তরকে নির্দেশ দেন।