নাদিয়া মুসলিমবিদ্বেষের শিকার

মাস কয়েক আগে যুক্তরাজ্যের রান্নাবিষয়ক সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতা বিবিসির ‘দ্য গ্রেট ব্রিটিশ বেক অফ ২০১৫ ’-এর শিরোপা জিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নাদিয়া হোসেইন। মাথায় সব সময় হিজাব পরে থাকা এই মুসলিম নারীর ব্যতিক্রমী সাফল্যে যুক্তরাজ্যের গণমাধ্যমের মাতামাতি ছিল দেখার মতো। আবার ওই শিরোপাই নাদিয়াকে মুসলিমবিদ্বেষীদের আক্রমণের অন্যতম শিকারে পরিণত করেছে।
চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উদযাপনের মধ্যেই নাদিয়া দেখতে পান—মুসলিমবিদ্বেষী আর ঘৃণা মেশানো বার্তা প্রতিদিন তাঁর টুইটার অ্যাকাউন্টে উপচে পড়ছে। নাদিয়ার অপরাধ তিনি মুসলিম। তার ওপর পরেন হিজাব।
গত বুধবার আইটিভির ‘লুস উইমেন’ শোতে আলাপচারিতায় নাদিয়া এই কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়ার কথা তুলে ধরেন। তিনি বলেন, পরিস্থিতি এমন হয়েছে যে, পুলিশকে গিয়ে নিয়মিত তাঁদের খোঁজখবর রাখতে হয়েছে।
স্বামী আবদাল হোসেইন ও তিন সন্তানকে নিয়ে নাদিয়া লিডস শহরে থাকতেন। সম্প্রতি তাঁরা সেখান থেকে মিলটন কিন্সে চলে আসেন।
৩১ বছর বয়সী নাদিয়া বলেন, ‘আমি অনেক চেষ্টা করেছি এসব বার্তার দিকে না তাকাতে। কিন্তু আমার স্বামী সবকিছু পড়ে। একপর্যায়ে আমি আমার চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি নিয়ে অনুশোচনায় ভুগতে থাকি। এমনও ভেবেছি, আমি এটা কী করলাম? আমি কি আমার সন্তানদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিলাম!’
নাদিয়া জানান, তাঁর স্বামী তাঁকে সব সময় অভয় দিয়ে আসছেন। বলেন, ‘এসব বিদ্বেষীর সংখ্যা হাতে গোনা। এদের পাত্তা দেওয়ার দরকার নেই।’
শিরোপা জেতার প্রতি ইঙ্গিত করে নাদিয়া বলেন, ‘আমি নিজের কাছে নিজেকে প্রমাণ করেছি যে, লোকে কী ভাবছে, তা নিয়ে দুশ্চিন্তিত না হওয়ার মতো আত্মবিশ্বাস আমার রয়েছে। কিন্তু সবকিছু ছাপিয়ে আমার কাছে ঘৃণামিশ্রিত বার্তাগুলো বড় হয়ে ওঠে।’
‘লুস উইমেন’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে নাদিয়া বলেন, উদ্ভূত পরিস্থিতিতে তাঁদের পুলিশের আশ্রয় নিতে হয়েছে। তাঁরা নিরাপদ আছেন কি না, সেটি পুলিশ নজরদারি করেছে।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের এক মুখপাত্র ডেইলি মেইলকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক মন্তব্যের বিষয়ে পুলিশ তদন্ত করছে। পুলিশের কর্মকর্তারা সম্প্রতি নাদিয়ার বাসায় যান। তাঁরা তদন্তের হালনাগাদ তথ্য তাঁকে অবহিত করেন।
নাদিয়ার নিরাপত্তার বিষয়ে পুলিশের ওই মুখপাত্র বলেন, ‘বিশেষ পুলিশি নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমাদের মনে হয়নি। এমন নিরাপত্তার জন্য আমাদের অনুরোধও করা হয়নি। আর তেমনটির ব্যবস্থাও করা হয়নি।’
নাদিয়ার প্রতি মুসলিমবিদ্বেষী আক্রমণের ঘটনাকে ‘সম্পূর্ণ নোংরামি’ বলে মন্তব্য করেন ‘লুস উইমেন’ অনুষ্ঠানের উপস্থাপক রুথ ল্যাঙ্গসফোর্ড।
নাদিয়া জানান, শিরোপা জেতার পরপরই তাঁর প্রতি এমন আচরণ শুরু হয়। মুসলিমবিদ্বেষী ও বর্ণবাদীদের কাছ থেকে টুইটারে নানা হুমকি আসতে থাকে। তারা তাঁর ধর্মকে হেয় করে বার্তা পাঠায়।
যুক্তরাজ্যে নাদিয়াই প্রথম কোনো মুসলিম নারী, যিনি রান্না-বিষয়ক ওই প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। গত বছরের ৭ অক্টোবর চূড়ান্ত পর্বের ওই অনুষ্ঠান প্রায় দেড় কোটি মানুষ টিভিতে দেখেছিল।
লন্ডনের অদূরে লুটন শহরে জন্ম নেওয়া নাদিয়ার পৈতৃক বাড়ি সিলেটের বিয়ানীবাজারের মোহাম্মদপুর গ্রামে। বাবা জমির আলী বিলেতে আসেন ১৯৭০ সালে। জমির ও আসমা দম্পতির চার মেয়ে, দুই ছেলের মধ্যে নাদিয়া তৃতীয়।
আরও পড়ুন...
চ্যাম্পিয়ন নাদিয়া