নাদিয়ার মৃত্যুর জন্য দায়ী বাসচালককে তিন দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি
সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাদিয়া সুলতানার মৃত্যুর জন্য দায়ী বাসচালককে তিন দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁর সহপাঠীরা। গতকাল বুধবার সন্ধ্যায় আলোর মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।গত ১২ নভেম্বর কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের ছাত্রী নাদিয়া সুলতানা। তাঁর মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে সাত দফা দাবিতে সহপাঠীরা আলোর মিছিল ও প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেন।কর্মসূচিতে সংহতি জানিয়ে প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সকল মৃত্যুই শোকাবহ। কিন্তু কিছু কিছু মৃত্যু বিবেককে নাড়া দেয়। নাদিয়ার মৃত্যুর মতো বিবেক নাড়া দেওয়া মৃত্যু আমরা আর চাই না।’ তিনি বলেন, সরকারের কাছে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চেয়ে তাঁরা কোনো সহযোগিতা পাননি। শহীদ মিনারে তাঁদের আন্দোলনে সহযোগিতা না করে সরকার উল্টো এর বিরোধিতা করেছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আন্দোলন গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ‘আর কত হত্যা হলে, আর কত সড়ক দুর্ঘটনা ঘটলে সরকার, রাজনীতিবিদদের, শ্রমিকনেতাদের টনক নড়বে?’ নাদিয়ার মৃত্যুর জন্য চালককে দায়ী করে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী, শিমুল মোস্তফা প্রমুখ সংহতি জানিয়ে বক্তব্য দেন।এর আগে শিক্ষার্থীরা কার্জন হল থেকে আলোর মিছিল বের করেন। মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। শিক্ষার্থীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে—যেনতেনভাবে ড্রাইভিং লাইসেন্স দেওয়া বন্ধ করা, চালকদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ কার ইত্যাদি।