২০০৪ সালের ৫ জুন রাজধানীতে শেরাটন হোটেলের সামনে বিআরটিসির দোতলা বাসে বিস্ফোরক দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তাতে নারী-শিশুসহ ১১ জন পুড়ে মারা গিয়েছিল। নয় বছর আগে যে ওই ঘটনা ঘটেছিল, তা সিআইডির তদন্তে ‘সত্য বলিয়া প্রমাণিত’ হয়েছে। তবে কে বা কারা ওই ঘটনা ঘটিয়েছে, তা বের করতে পারেনি। অদূর ভবিষ্যতেও তা বের করার সম্ভাবনা নাই বলে দাবি করে মামলার আসামিদের অব্যাহতি চেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এরই পরিপ্রেক্ষিতে গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরী চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন এবং সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, হুইপ মির্জা আজম, আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনসহ ১৮ আসামিকে অব্যাহতি দেন।
অব্যাহতিপ্রাপ্ত অন্যরা হলেন দীনেশ সরকার, আবদুল মান্নান, জাহাঙ্গীর আলম, শহীদুল ইসলাম, আবু হান্নান সিদ্দিকী, মো. মনির, উজ্জ্বল মাহমুদ, রেজাউল করিম, মো. মাসুদ ওরফে মাসুম, গাজী হাবিবুল আলম, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, হাসানুর রহমান, রুহুল আমিন ও এ এফ এম মিজানুর রহমান জুয়েল। নয় বছর আগে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার আমলে ওই ঘটনার এক দিন পর সন্দেহভাজন আসামি হিসেবে প্রথমে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন দীনেশ চন্দ্র সরকারকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর আবদুল মান্নান, জাহাঙ্গীর, শহীদুল ইসলাম, আবু হান্নান, মনির, উজ্জ্বল মাহমুদ, রেজাউল করিম, শফিকুল ইসলাম ও মাসুমকে পুলিশ গ্রেপ্তার ও বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তখন শফিকুল ইসলাম ও মাসুম আদালতে জবানবন্দি দিয়ে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। এই দুজন পেশাদার বোমাবাজ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে মামলার নথিপত্রে উল্লেখ করা হয়। তাঁরা জবানবন্দিতে বলেন, তৎকালীন যুবলীগের নেতা মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, সাঈদ খোকন, রুহুল আমিন ও জাহাঙ্গীর আলম বিআরটিসির বাসে আগুন দেওয়ার জন্য টাকা দিয়েছিলেন। সে মোতাবেক তাঁরা বাসে আগুন দেন।
পরবর্তীকালে দীর্ঘদিন এ মামলার তদন্তে কোনো অগ্রগতি হয়নি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের পরদিন আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে মামলাটি শেষ করে তদন্তকারী সংস্থা ডিবি।
২০১০ সালের ১৩ জুলাই মামলাটি পুনরুজ্জীবিত করার জন্য রমনা থানা-পুলিশ আদালতে আবেদন করে। আদালত পরদিন মামলাটি পুনরুজ্জীবিত করার আদেশ দেন। ওই বছরের ১৪ অক্টোবর মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি। প্রায় তিন বছর তদন্ত শেষে সিআইডি চলতি বছরের ৭ ফেব্রুয়ারি মামলায় আসামিদের অব্যাহতি চেয়ে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দেয়। আদালত গতকাল তা গ্রহণ করে।
চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে দেখা গেছে, আসামি শফিকুল ইসলাম ঘটনার চার দিন আগে অপর একটি মামলায় গ্রেপ্তার হন। সিআইডির চূড়ান্ত প্রতিবেদনে আরও বলা হয়, শফিকুল ইসলাম ও মাসুম তদন্ত কর্মকর্তাকে বলেছেন, তাঁদের ডিবি অফিসে ধরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে পরে আদালতে জবানবন্দি আদায় করা হয়েছিল। সিআইডির তদন্তে প্রমাণ হয়েছে, এই দুই আসামির দেওয়া জবানবন্দি মিথ্যা ও সাজানো ছিল।