নানা অনিয়মের অভিযোগ পাঁচ প্রার্থীর ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সুজানগর ও আটঘরিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জাল ভোট, কেন্দ্র দখল ও তাঁদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার এসব অভিযোগ এনে পাঁচ ইউপির বিএনপির চারজন ও একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দুপুরের আগেই ভোট বর্জনের ঘোষণা দেন।
সুজানগর উপজেলায় একটি কেন্দ্রের বাইরে থেকে পিস্তল ও গুলিসহ এক যুবকে আটক করেছে পুলিশ। এ ছাড়া দুটি কেন্দ্রে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারায় ২৪৮টি ভোট বাতিল করেন দায়িত্বরত কর্মকর্তারা।
ভোট বর্জনকারী প্রার্থীরা হলেন সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী শেখ আবদুর রউফ, সাগরকান্দি ইউপিতে বিএনপির আবদুস সালাম, রানীনগর ইউপিতে বিএনপির রবিউল ইসলাম ও আটঘরিয়া উপজেলার একদন্ত ইউপিতে বিএনপির আতাউর রহমান এবং চাঁদভা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম।
তাঁতীবন্দ ইউপির ভবানীপুর কেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্ট মাসুদ মোল্লা প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে একদল যুবক ভোটকেন্দ্রে ঢুকে তাঁদের এলোপাতাড়ি মারধর শুরু করেন। এতে তাঁরা বাধ্য হয়ে কেন্দ্র থেকে বেরিয়ে যান। পরে ওই যুবকেরা বেশ কিছুক্ষণ কেন্দ্রের ভেতরে অবস্থান করে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারেন।
বেলা সাড়ে ১১টা থেকে দুইটা পর্যন্ত সুজানগর উপজেলার মানিকহাট ইউপির বোনকোলা, মালিফা এবং নাজিরগঞ্জ ইউপির উদয়পুর ও দুলাই ইউপির চিনাখড়া কেন্দ্রে দেখা যায় শুধু নৌকা প্রতীকের এজেন্টদের। পর পর আরও কয়েকটি কেন্দ্র ঘুরে একই দৃশ্য দেখা যায়। তবে প্রতিটি কেন্দ্রের বাইরে ছিল নীরব পরিবেশ।
পাবনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ সেলিম বলেন, ভোট গ্রহণ চলাকালে সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউপির নয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ কামরুজ্জামান নামের এক যুবককে আটক করা হয়েছে। মানিকহাট ইউপির ভিটবিলা কেন্দ্রে জোর করে ব্যালট পেপারে সিল মারার সময় আটক করা হয় আলমগীর হোসেন নামের আরেক যুবককে।
সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাচন সমন্বয়কারী সাখাওয়াত হোসেন বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে। এ ছাড়া দুটি কেন্দ্রে প্রকাশ্যে সিল মারায় ২৪৮টি ভোট বাতিল করা হয়েছে।