
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বুধবার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে এম নূর-উন-নবী।
উদ্বোধনের আগে ক্যাম্পাসে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বাদ্যের তালে তালে নানা রঙের ব্যানার, ফেস্টুন, মুখোশ, বেলুনসহ নানা আয়োজনে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে ক্যাম্পাসে স্বাধীনতা স্মারক ভাস্কর্য পাদদেশে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক নাজমুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য এ কে এম নূর-উন-নবী ছাড়াও বিশেষ অতিথি ছিলেন সংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায়, প্রজনন ও শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আখতার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক তুহীন ওয়াদুদ ও উমর ফারক।