চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদ্যাপিত হয়েছে। উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস গতকাল শনিবার সকাল সাড়ে সাতটায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা করেন।দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল কুচকাওয়াজ, পতাকা উত্তোলন, আলোচনা সভা, মুক্তিযুদ্ধে চুয়েটে হত্যাযজ্ঞে শহীদ দিলীপ কান্তি চৌধুরী, মোজাফফর আহমদ ও মো. ইউনুছের কবরে পুষ্পস্তবক অর্পণ, ছাত্র বনাম শিক্ষক প্রীতি ক্রিকেট ম্যাচ, দৌড় ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কর্মকর্তা বনাম কর্মচারী প্রীতি ক্রিকেট ম্যাচ, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, দেশাত্মবোধক গান, পুরস্কার বিতরণী, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।সকাল সাড়ে আটটায় চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য। অন্যান্যের মধ্যে স্থাপত্য, নগর ও অঞ্চল পরিকল্পনা অনুষদের ডিন জাহাঙ্গীর আলম, ছাত্রকল্যাণ পরিচালক মো. তাজুল ইসলাম, পুরকৌশল বিভাগের সাইফুল ইসলাম, হল প্রাধ্যক্ষ আশুতোষ সাহা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর স্বাকী কাওসার, মো. আবু তাহের এবং শিক্ষার্থীদের মধ্যে মুশফিকুর রহমান, খায়রুল বাশার, তানভীর, সুলতান প্রমুখ বক্তৃতা করেন।