নানা অপরাধে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরের তালগাছী হাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আটজনের কাছ থেকে ২৮ হাজার টাকা করে জরিমানা আদায় করেছেন। তাদের বিরুদ্ধে যৌন উত্তেজক বড়িসহ অনুমোদনহীন ওষুধ বিক্রি, পুরোনো বাটখারা ব্যবহার ও অনুমতিপত্র ছাড়াই মোটরযান চালানোর অভিযোগ রয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ জানান, গতকাল রোববার থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হাইসহ পুলিশের সহযোগিতায় উপজেলার তালগাছী হাটের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনহীন মুসলিম ফার্মাসিউটিক্যালস (ইউনানি) রাজশাহীর বিক্রয় প্রতিনিধি শাহজাদপুর উপজেলার মো. সাগরকে ওষুধ ও যৌন উত্তেজক ট্যাবলেট বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া প্রাচীন যুগের বাটখারা ব্যবহারের অপরাধে সোলায়মান হোসেন, মকবুল হোসেন, হাজি গফুর সরকার, মধু পাল ও নজরুল ইসলাম এবং অনুমতিপত্র না থাকার অপরাধে তিনটি মোটরযানের চালকসহ আটজনকে আট হাজার টাকা জরিমানা করেন আদালত। একই সঙ্গে ওই ব্যক্তিদের ভবিষ্যতে ওই সব অপরাধ না করার জন্য সতর্ক করা হয়।