নানা অপরাধে ১০ জনের জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল ভোট দেওয়ার অপরাধে চার পৌরসভায় নয়জনকে কারাদণ্ড ও একজনকে জরিমানা দেওয়া হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে জাল ভোট দেওয়ায় এক নারীসহ দুজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন শামসুল ইসলাম ও সালেহা বেগম। জকিগঞ্জ ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্রে বেলা সাড়ে তিনটার দিকে জাল ভোট দিতে গেলে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। পৌর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জকিগঞ্জের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোবাশশেরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লা: সকাল নয়টায় চান্দিনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আবদুল মতিন (৫২) নামের এক ব্যক্তিকে আটক করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ৭ নম্বর ওয়ার্ডের ছায়কোট সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে দুপুর ১২টায় জাল ভোট দেওয়ার সময় নাজমুল হাসান (১৭) নামের এক কিশোরকে আটক করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুর সাড়ে ১২টায় নির্বাহী হাকিম মুর্শিদ আহমেদ তাঁদের দণ্ড দেন।
চাঁদপুর: ফরিদগঞ্জের চরকুমিরা সপ্রাবি কেন্দ্রে জ্যেষ্ঠ নির্বাহী হাকিম মোহাম্মদ মুস্তাইন বিল্লা সোহেল (২৮), সোহাগ পাটওয়ারী (২৮), শাহিন (১৯) নামের তিন বহিরাগতকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম মুস্তাইন বিল্লা এ সাজা দেন। এ ছাড়া জাল ভোট দেওয়ার দায়ে হাজীগঞ্জে দুই যুবককে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাশরুর সালেকিন। তাঁরা হলেন মোবারক হোসেন (৩২) ও জাকির হোসেন (৩১)।
মৌলভীবাজার: কুলাউড়া পৌরসভা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অস্ত্রসহ এক যুবককে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ওই যুবক হলেন মো. শাহজাহান (২২)। তিনি কুলাউড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জয়পাশা এলাকার বাসিন্দা।