নানা অভিযোগ, তবু দর্শনার্থীর ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চিড়িয়াখানায় ঢুকে খানিকটা এগোতেই শোনা গেল সিংহের গর্জন। খাঁচার সামনে গিয়ে দেখা গেল পায়চারিরত সিংহটি ক্রমাগত গর্জন করছে। পাশেই বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের খাঁচা। গর্জন শুনে উৎসুক দর্শনার্থী অন্য খাঁচা ছেড়ে বাঘ-সিংহের খাঁচার সামনে ভিড় করছে।দর্শনার্থীর সুযোগ-সুবিধার অভাব, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ—এমন নানা অভিযোগ সত্ত্বেও প্রতিদিন ঢাকা চিড়িয়াখানায় আসছে দর্শনার্থীরা; বিশেষ করে ছুটির দিনগুলোতে দর্শনার্থীর ভিড় বেড়ে ওঠে।বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নরবার্ট রঞ্জিত গোমেজ গতকাল শুক্রবার সপরিবারে চিড়িয়াখানায় বেড়াতে এসেছিলেন প্রায় ১৫ বছর পর। ঘণ্টাখানেক ঘুরে হতাশ। তিনি বললেন, ‘গত ১৫ বছরে কোনো উন্নতি হয়নি চিড়িয়াখানার। সব জায়গায় অযত্নের ছাপ। প্রাণীগুলোকে দেখে মনে হলো আধমরা।’চিড়িয়াখানা ঘুরে নরবার্ট গোমেজের কথার সত্যতা পাওয়া যায়। চিড়িয়াখানার বেশির ভাগ পশুই হয় বসে আছে, না হয় মড়ার মতো পড়ে আছে। অনেক সময় দাঁড়িয়ে থেকেও পশুর নড়াচড়া দেখতে না পেয়ে হতাশ হয়ে এক খাঁচা থেকে আরেক খাঁচার দিকে চলে যাচ্ছে দর্শনার্থীরা।সাপের খাঁচার অবস্থা খুবই শোচনীয়। অজগরের রয়েছে কয়েকটি খাঁচা। দীর্ঘ সময় ধরেই এক স্থানে পড়ে থাকে। নড়াচড়া নেই। বিশালাকার অজগর দেখার জন্য দর্শনার্থীরা অনেকক্ষণ অপেক্ষা করে খাঁচার সামনে থেকে সরে যায়। এ ছাড়া রয়েছে কালো ডোরাকাটা গোখরা, সবুজ সাপ। তবে বেশির ভাগ সাপই স্থির।তা ছাড়া অন্তত আট থেকে ১০টির মতো খাঁচা খালি পড়ে আছে। সাপ রাখার সব আয়োজন থাকলেও তাতে কোনো সাপ নেই।খুব আগ্রহ নিয়ে স্থল কচ্ছপের খাঁচার সামনে গিয়ে দেখা গেল তাতে কচ্ছপ নেই। খাঁচায় ঝুলছে একটি বাদুর। বিশাল এক খাঁচার সামনে গিয়ে অনেকক্ষণ খুঁজে দেখা মিলল একটি ওয়াটার বাকের। পশুটির পরিচিতিমূলক সাইনবোর্ডে লেখা আছে—ওয়াটার বাকের খাদ্য ঘাস ও জলজ উদ্ভিদ। তবে খাঁচার ভেতরে কোথাও একটু ঘাস কিংবা পানির কোনো ব্যবস্থাই রাখা হয়নি।গন্ডারের খাঁচা ঘুরে দেখা গেছে, প্রাণীটি মড়ার মতো পড়ে আছে।তবে অন্য পশুপাখির অবস্থা যা-ই হোক, দর্শনার্থীদের এখনো বেশ আনন্দ দেয় ময়ূর। দুটি খাঁচায় ময়ূর-ময়ূরী রয়েছে সাতটি। ময়ূরগুলো প্রায়ই পেখম মেলে নেচে ওঠে। তা দেখতে ময়ূরের খাঁচার সামনে ভিড়ও বেশ। বানরের খাঁচার সামনেও একই অবস্থা। এ-ডাল থেকে সে-ডালে তাদের লাফালাফি উপভোগ করছে দর্শনার্থীরা। বাদাম কিংবা অন্য খাদ্য ছুড়ে দেওয়ার প্রতি নিষেধাজ্ঞা থকলেও দর্শনার্থীরা তা মানছে না।প্রাণী জাদুঘরে বেশ ভিড়: চিড়িয়াখানার প্রাণী জাদুঘরে দর্শনার্থীদের বেশ ভিড় দেখা গেছে। টিকিট কাউন্টারের ঘোষক বারবার ঘোষণা করছিলেন, ‘জাদুঘরে গেলে দেখতে পাবেন মৃত বনমানুষ।’ তাই দুই টাকার টিকিট কেটে আগ্রহ নিয়ে জাদুঘরে ঢুকছে দর্শনার্থীরা। জাদুঘরের একটি কক্ষে বিভিন্ন মৃত পশুপাখি সংরক্ষণ করা হয়েছে। এতে আছে অক্টোপাস, ক্যাঙ্গারু, ডলফিন, মায়া হরিণ, রয়েল বেঙ্গল টাইগার, চিতা বাঘ, সিংহ, হাঙরের বাচ্চা, উটপাখির ডিম, বিভিন্ন প্রজাতির সাপ ও মাছ, দুই মুখওয়ালা বাছুর, বিশাল আকারের সবুজ কচ্ছপ ইত্যাদি।পাশের কক্ষেই রয়েছে জীবন্ত সব মাছ। সেখানে অ্যাকুরিয়ামে রাখা আছে গোল্ড ফিশ, সিলভার ডলার, কমেট, এনজেল ফিশ, ব্লু আকারা, অস্কার, টাইগার শার্ক, রেইনবো শার্ক, উইডো টেট্রা, বাঘের মতো ডোরাকাটা মাছ টাইগার বার্ব। জাদুঘরের বাইরে সংরক্ষণ করা হয়েছে তিমির এক বিশাল করোটি।