অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে লালমনিরহাটের আদিতমারীর উত্তর গোবধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিয়ার রহমানের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সম্প্রতি (১১ আগস্ট) বিভাগীয় মামলা করেছে। তবে সফিয়ার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি গত সোমবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবর আনীত অভিযোগসমূহের জবাব দাখিল করেছি।’
সফিয়ারের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহের মধ্যে রয়েছে ২০১৪-২০১৫ ও ২০১৫-২০১৬ অর্থবছরে প্রাক-প্রাথমিক শিক্ষা উপকরণ ক্রয় বাবদ বরাদ্দ করা ১০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ, গত দুই অর্থবছরে স্লিপের ৭০ হাজার টাকা উত্তোলন করে বিধিসম্মতভাবে ব্যয় না করে আত্মসাৎ, ২০১৫-২০১৬ অর্থবছরে স্লিপের ৪০ হাজার টাকা সভাপতির স্বাক্ষর জাল করে বিধিসম্মতভাবে ব্যয় না করে আত্মসাৎ, রুটিন মেইনটেন্যান্সের বরাদ্দ করা ৫ হাজার টাকা সভাপতিকে না জানিয়ে উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এ ছাড়া তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই একর আবাদি জমি ইজারার টাকার হিসাব সংরক্ষণ না করে আত্মসাৎ করেছেন এবং ২০১০, ২০১১ ও ২০১২ সালের পর থেকে কোনো হিসাব বা খরচ ক্যাশ বইতে লিপিবদ্ধ করেননি। তিনি দাপ্তরিক তথ্যাদি সময়মতো দাখিল করেন না। ২০১৪ সালের ১১ থেকে ১৩ নভেম্বর বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন মর্মে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিদ্যালয়ের পরিদর্শন বইতে লিপিবদ্ধ করেন। পরে তিনি (সফিয়ার) পরিদর্শন বইরের ওই পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ২০১৪ সালের ১৭ নভেম্বর বিদ্যালয়টি পরিদর্শনে গেলে তাঁকে বিদ্যালয়ে অনুপস্থিত পান। সর্বশেষ চলতি বছরের ৯ মে উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়টি পরিদর্শন করে তাঁকে অনুপস্থিত পেয়ে ঊর্ধ্বতন মহলসহ অন্যদের বিষয়টি জানান। এর পরিপ্রেক্ষিতে সফিয়ার উপজেলা শিক্ষা কর্মকর্তাকে মুঠোফোনে দেখে নেওয়ার হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নবেজ উদ্দিন সরকার বলেন, সফিয়ারের বিরুদ্ধে ঊর্ধ্বতন মহলের নির্দেশনা ও পরামর্শে বিভাগীয় মামলা হয়েছে। এখন শুনানি এবং অধিকতর তদন্ত ও প্রমাণের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সফিয়ার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি আনীত অভিযোগসমূহের জবাব দাখিল করেছি।’