নানা অভিযোগে মুন্সিগঞ্জের এসপিকে প্রত্যাহার
মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। গজারিয়া উপজেলা নির্বাচনে সহিংসতা, পুলিশের এক সহকারী উপপরিদর্শকের হাতে (এএসআই) গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার ঘটনায় থানায় মামলা না নেওয়াসহ নানা অভিযোগের ভিত্তিতে তাঁকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার রাতে হাবিবুর রহমান মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি পুলিশ সদর দপ্তরে নিযুক্ত থাকবেন।
গত ২৭ মার্চ গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানসহ তিনজন নিহত হন। এর আগের দিন নির্বাচনের কাজের দায়িত্ব বণ্টনের বিষয় নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মাহবুবুল করিমকে এএসআই এমদাদুল হক লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর এএসআই এমদাদুল হককে প্রত্যাহার করা হয়। তবে এ বিষয়ে মামলা দায়েরের জন্য অভিযোগ করা হলে গজারিয়া থানা মামলা নেয়নি।
এদিকে, এ ঘটনার কথা উল্লেখ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে গোপন প্রতিবেদন প্রদান করেন।
পুলিশ সুপারের বিরুদ্ধে গোপন প্রতিবেদন পাঠানোর বিষয়টি প্রথম আলোর কাছে স্বীকার করেছেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান। তিনি বলেন, এই প্রতিবেদনের আলোকে তদন্ত কমিটি গঠন করার কথা।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে বর্তমানে ভারপ্রাপ্ত পুলিশ সুপারের দায়িত্বে থাকা জাকির হোসেন মজুমদার জানান, ‘আমি পুলিশ সদর দপ্তরের একটি চিঠি পেয়েছি। সেই চিঠিতে পুলিশ সুপারকে আমার কাছে দায়িত্ব বুঝিয়ে ঢাকার সদর দপ্তরে তাঁকে সংযুক্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সে অনুযায়ী পুলিশ সুপার আমাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছেন। এর বেশি কিছু আমি বলতে পারব না।’