শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও জয়পুরহাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপিত হয়েছে।
নাচোল আদিবাসী একাডেমি, জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী মুক্তি মোর্চা, পারগান পরিষদ, দিঘরী পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সম্মিলিতভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করে।
নাচোল ও আশপাশের উপজেলার আদিবাসী গ্রামগুলো থেকে সহস্রাধিক নারী-পুরুষ ও শিশু সকাল ১০টার দিকে নাচোল উপজেলা পরিষদের সামনে জড়ো হয়ে ঢোল-মাদল বাজিয়ে শোভাযাত্রা শুরু করে। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস। নাচোলের বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
নাচোল আদিবাসী একাডেমির সভাপতি বিধান চন্দ্র সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস প্রধান অতিথি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদ ওয়াসিদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এ ছাড়া বক্তব্য দেন আদিবাসী নেতা হিংশু মুরমু, বাবুলাল টপ্প্য, বিশ্বনাথ মাহাতো, উত্তম কুমার বর্মণ, রঞ্জনা রানী প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আদিবাসী নেতারা বলেন, নাচোলের আদিবাসী গ্রামগুলো এখনো উন্নয়নবঞ্চিত। উপজেলার অসংখ্য আদিবাসী এখনো ভূমিহীন। খাস পুকুরপাড়গুলোতে বহু আদিবাসী পরিবার বসবাস করে আসছে যুগ যুগ ধরে। পুকুরগুলো আদিবাসী পরিবারগুলোর মধ্যে বন্দোবস্ত দেওয়ার দাবি জানান বক্তারা। এ ছাড়া আদিবাসীরা নানাভাবে নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে। ভূমিদস্যুদের তৎপরতা বন্ধ হয়নি।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোস্তফা বিশ্বাস বলেন, ‘ভূমিদস্যু ও নির্যাতনকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আদিবাসীদের ন্যায়সংগত লড়াই-সংগ্রামের পাশে থাকব।’ তিনি খাসপুকুরগুলো যাতে আদিবাসীরা বন্দোবস্ত পায়, সেই ব্যবস্থা করার আশ্বাস দেন।
এদিকে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে জয়পুরহাটে শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টার দিকে জয়পুরহাট জেলা আদিবাসী পরিষদের উদ্যোগে শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদ চত্বরে নয় দফা দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বাবুল রবিদাস, সাধারণ সম্পাদক কমল মিনজি, বাসন্তী মুরমু, যোগেন্দ্রনাথ পাহান প্রমুখ। বক্তারা সাংবিধানিক স্বীকৃতিসহ আদিবাসীদের নয় দফা বাস্তবায়নের দাবি জানান।